প্রকাশ: রবিবার, ৮ জুন, ২০২৫, ১:৫৪ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে জবাই করার সময় কোরবানির মহিষের আক্রমণে আহত হয়েছেন অন্তত ১০ জন। মহিষটিকে আটক করতে দিনভর ফায়ার সার্ভিস, পুলিশ, পৌরসভার লোকজনসহ স্থানীয়দের দিনব্যাপী চেষ্টায়ও সম্ভব হয়নি।
মহিষটিকে ধরতে গিয়ে ছুটাছুটির সময় পথচারী ও এলাকার অনেকেই আহত হয়েছেন। মহিষের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি ও কিছু ঘর বাড়ির দেয়ালও।
শনিবার ঈদের দিন সকাল আনুমানিক সাড়ে নয়টার সময় পৌর শহরের স্টেডিয়াম পাড়ায় মতিউর রহমান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
মহিষের মালিক মতিউর রহমান বলেন, ৯৩ হাজার টাকায় মহিষটি কিনে আনি।এই কয়দিন লালন পালন করার সময় কোনো রকম পাগলামি ধরা পড়েনি। আজ সকাল দশটার দিকে কয়েকজনে মিলে শোয়াতে গেলে দেখা দেয় বিপত্তি, ওই সময় উপস্থিত লোকদের ছিঁটকে ফেলে দেয়াল টপকে পালাতে থাকে মহিষটি, সারাদিন বিভিন্ন গ্রাম ছুটে সন্ধ্যায় শিবপুরের পানাউল্লার চরের ফসলের মাঠে তার শেষ অবস্থান।
প্রাণী সম্পদ কর্মকর্তা আজহারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমাদের লোকজন মাঠে আছে, এমনিতে ধরতে না পারলে ঢাকা চিরিয়া খানা থেকে রেসকিউ টিম এনে এটাকে ধরার ব্যবস্থা করা হবে।
ভৈরব ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার মুসা মিয়া বলেন, খবর পেয়ে বিকাল থেকেই আমরা মহিসটিকে ধরার চেষ্টা করছি, কিন্তু কাছেই যাওয়া যাচ্ছে না, কাছে গেলেই আক্রমণ করতে তেড়ে আসে মহিষটি। তাই এখনো ধরা সম্ভব হয়নি।
স্বদেশ প্রতিদিন/এনআর