প্রকাশ: রবিবার, ৮ জুন, ২০২৫, ১:৪৮ পিএম

যশোরের বেনাপোল ডুবপাড়া গ্রামে ঈদুল আযহার নামাজকে কেন্দ্র করে দলীয় প্রতিপক্ষের হাতে আব্দুল হাই (৫০) নামে এক বিএনপি কর্মীকে বোমা হামলায় নিহত হয়েছে।
নিহত আব্দুল হাই ডুবপাড়া গ্রামের হারান আলীর ছেলে ও বেনাপোল পৌর বিএনপির নেতা মিয়াদ আলীর ভাগ্নে।
শনিবার রাত ৯টা সময় ডুবপাড়া জামতলা মোড়ে এই ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছে।
স্থানীয়রা জানায়, সকালে ডুবপাড়া গ্রামে আওয়ামী লীগ সমর্থক কিছু লোকজন ঈদগাঁহ মাঠে ঈদুল আজহার নামাজ আদায় করতে গেলে ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি জামসের আলীর ছেলে আবু সাঈদ (৩৫) তাদের নামাজ পড়তে বাধা দেয়। এসময় ওয়ার্ড বিএনপির সভাপতি আশানুর রহমান আশা ও সাধারণ সম্পাদক মোক্তার আলী দুই পক্ষের সাথে বসে সমঝোতা করে দেয়। পরে রাত ৯টার দিকে নিহত আব্দুল হাই ডুবপাড়া গ্রামের জামতলার মোড়ে একটি চায়ের দোকানে বসে ছিল। এই সময় ওয়ার্ড বিএনপির নেতা জামসের আলীর ছেলে আবু সাঈদ একদল ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে এসে বিএনপির সমার্থক আব্দুল হাই এর উপর বোমা নিক্ষেপ করে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। আবু সাঈদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির সমার্থক বলে জানা গেছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আবু সাঈদসহ অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।
স্বদেশ প্রতিদিন/এনআর