প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ৭:৩৪ পিএম
শেরপুরের নকলায় ফাহিম মিয়া (২০) নামের বালুটানা মাহিন্দ্র ড্রাম ট্রাকের চালক বিদ্যুতায়িত হয়ে
নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ জুন) উপজেলার পাঠাকাটা ইউনিয়নের উত্তর পাঠাকাটা এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত ফাহিম
জামালপুর জেলার লহ্মীরচর ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয় সূত্রানুযায়ী, উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের নারায়ণখোলা ঘাট থেকে ড্রাম ট্রাক চালক কালাম এক মাটি ব্যবসায়ীর মাধ্যমে মাহিন্দ্র ড্রাম ট্রাক দিয়ে বালু আনেন। এরপর ওই বালু দিয়ে পাঠাকাটা গ্রামের ফরিদুল ইসলামের জমি ভরাট করা হয়। এ সময় বালুবাহী ড্রাম ট্রাকের চালক সুইচ টিপে ড্যাম্পার উঠিয়ে জমিতে বালু ফেলার সময় পাশে থাকা বিদ্যুতের লাইনের তারের সাথে লেগে যায়। এতে পুরো ড্রাম ট্রাকটি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায় চালক ফাহিম। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।
খবর পেয়ে নকলা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বদেশ প্রতিদিন/আইজেপি