প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ৪:০৭ পিএম আপডেট: ০৪.০৬.২০২৫ ৪:৪২ PM

নোয়াখালী হাতিয়ায় মামলা প্রত্যাহার না করায় সাবেক এক প্রধান শিক্ষককে পিটানোর অভিযোগ উঠেছে যুবলীগ নেতার বিরুদ্ধে।
বুধবার (৪ জুন) সকালে এই ঘটনায় সাবেক এই প্রধান শিক্ষক বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে হাতিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগে পত্রে বলা হয়, সাবেক প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাসের সাথে জায়গা নিয়ে প্রতিবেশী যুবলীগ নেতা নোবেল চন্দ্র দাসের বিরোধ চলছিল। প্রধান শিক্ষককের ক্রয় করা সম্পত্তি থেকে তাকে উচ্ছেদ করার চেষ্টা করে প্রতিপক্ষের লোকজন। এরই প্রেক্ষিতে তারা ওই ভূমি থেকে জোরপূর্বক ফসল ও গাছ কেটে নিয়ে যায়। এ সংক্রান্ত আদালতে দুইটি মামলা দায়ের করেন শিক্ষক। মামলায় বেশ কিছু দিন জেল হাজতে ছিলেন নোবেল দাস।
উল্লেখ্য, শংকর চন্দ্র দাস উছখালী সরকারি ছৈয়দিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। চরঈশ্বর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা তিনি। ছেলে-মেয়েরা ভারতে অবস্থান করায় স্ত্রীসহ নিজ বাড়িতে বাস করছিলেন তিনি। এছাড়া অভিযুক্ত নোবেল চন্দ্র দাস একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবলীগর সভাপতি।
জানা যায়, জেল থেকে বের হয়ে আরো বেপরোয়া হয়ে উঠে নোবেল। মামলা প্রত্যাহার করে নিতে শংকর দাসকে চাপ দিতে থাকেন তিনি।
ঘটনার দিন ২৭মে নোবেল দাস কয়েকজন সন্ত্রাসীসহ শংকর চন্দ্র দাসের বাড়ির দরজায় এসে তার উপর আক্রমন করে। পরবর্তীতে ভুক্তভোগীর স্ত্রী বাড়ি থেকে এসে চিৎকার শুরু করলে আশপাশের প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। অচেতন অবস্থায় সাবেক ওই শিক্ষককে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে শিক্ষকের উপর হামলার ঘটনায় থেমে নেয় সরকারি উছখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার (৪ জুন) সকালে হাতিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলন আয়োজন করে তারা।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক ছাত্র আবদুর রব রাশেদ, শ্রী কৃষ্ণ দাশ, মো. মিলন উদ্দিনসহ আরো অনেকেই। সংবাদ সম্মেলনে বক্তারা এ ধরণের কর্মকান্ডকে খুবই মর্মান্তিক ও লজ্জাস্কর হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান। একই সাথে ঘটনার সঠিক তদন্ত এবং দুস্কৃতিকারীদের মুখোশ উন্মোচনের পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এ ঘটনায় হাতিয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. খোরশেদ আলম বলেন, এ বিষয়ে লিখিত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিঃদ্রঃ অভিযুক্ত পলাতক থাকায় তার বক্তব্য সংগ্রহ সম্ভব হয়নি।
স্বদেশ প্রতিদিন/আইজেপি