প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ৯:৫৪ AM

গাজীপুরের কালীগঞ্জে গ্রামীণ টেলিকম ট্রাস্টের মালিকানাধীন নিসর্গ পিকনিক স্পটে পেট্রল বোমা হামলার ঘটনায় ছাত্রলীগ নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের ছাত্রলীগ নেতা পিয়াস মাহমুদ (২২)। নিরাপত্তার স্বার্থে বাকি চারজনের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
পুলিশ জানায়, ২৭ মে ভোররাতে গাজীপুরের নাগরী ইউনিয়নের কুচুলিবাড়ি এলাকায় অবস্থিত নিসর্গ পিকনিক স্পটে দু'দফা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর ২৮ মে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। রোববার (১ জুন) মামলার প্রেক্ষিতে কালীগঞ্জ থানা পুলিশ পিয়াস মাহমুদকে গ্রেপ্তার করে।
ঘটনার পর তদন্তে উঠে আসে, হামলার আগের রাতে রিসোর্টের পূর্ব পাশে কাঁঠাল বাগানে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা একটি গোপন বৈঠক করে। পুলিশের ধারণা, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়।
মামলার বাদী নিসর্গ পিকনিক স্পটের ডিউটি অফিসার ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল ওয়াদুদ জানান, “সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে প্রথম বিস্ফোরণের শব্দ শুনি। এরপর ভোররাতে আরেকটি বোমা রিসোর্টের একটি দোতলা ভবনের লবিতে বিস্ফোরিত হয়।” দুটি বিস্ফোরণেই আগুন লাগলেও কর্তব্যরত আনসার সদস্যদের তাৎক্ষণিক হস্তক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো যায়।
ঘটনাস্থল থেকে সুতলি দিয়ে বাঁধা তরল পদার্থভর্তি দুটি কাঁচের বোতল, ভাঙা কাঁচ ও একটি প্লাস্টিকের হারিকেন উদ্ধার করা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলার তদন্ত চলমান রয়েছে এবং তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। তবে এখনো শুনানি হয়নি।
তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মিলন মিয়া বলেন, “খুব দ্রুত সময়ের মধ্যেই হামলার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, “এ ঘটনায় মামলা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
স্বদেশ প্রতিদিন/এনআর