প্রকাশ: রবিবার, ১ জুন, ২০২৫, ৯:০৯ AM

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার চাষিরী হাফিজিয়া এতিমখানা মাদ্রাসায় চার শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।
শনিবার (৩১ মে) রাতে ভুক্তভোগী এক শিশুর মা বাদী হয়ে টঙ্গিবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের আগেই সকাল ১০টার দিকে এলাকাবাসী ওই শিক্ষককে মাদ্রাসায় অবরুদ্ধ করে রাখেন। প্রায় দুই শতাধিক নারী ও পুরুষ ক্ষুব্ধ হয়ে ঘেরাও করেন মাদ্রাসাটি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিক্ষক আব্দুল হামিদকে উদ্ধারের চেষ্টা করলে, স্থানীয়দের উত্তেজনায় উদ্ধার অভিযান ব্যাহত হয়।
জানা গেছে, প্রায় দেড় বছর আগে চাকরিতে যোগ দেন শিক্ষক আব্দুল হামিদ। অভিযোগ অনুযায়ী, প্রায় এক বছর ধরে তিনি বিভিন্ন শিশুকে বলাৎকার করে আসছিলেন। একটি শিশু অসুস্থ হয়ে পড়লে তার পরিবার বিষয়টি জানার চেষ্টা করলে শিশুটি নির্যাতনের কথা প্রকাশ করে। এরপর আরও তিনজন শিশু মিলে একই ধরনের অভিযোগ জানায়।
ভুক্তভোগী শিশুদের ভাষ্যমতে, তারা প্রথমে বিষয়টি তাদের এক বড় ভাইয়ের মাধ্যমে সহশিক্ষক আল-আমিন হুজুরকে জানায়। তবে প্রমাণ না থাকায় তিনি কোনো ব্যবস্থা নিতে রাজি হননি। পরবর্তীতে অভিযোগ জানানোয় অভিযুক্ত হামিদ হুজুর তাদের হুমকি দেয় এবং নির্যাতন চালিয়ে যেতে থাকে।
মাদ্রাসার প্রিন্সিপাল নেয়ামুল হাসান জানান, সকালে স্থানীয়রা অভিযোগ নিয়ে মাদ্রাসা ঘেরাও করে। পরে পুলিশ এসে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
টঙ্গিবাড়ী থানার ওসি মহীদুল ইসলাম বলেন, ‘৪ জন শিশুকে বলাৎকারের অভিযোগে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চলছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম