মির্জাপুরে ইয়াবাসহ আ. লীগ নেতার স্ত্রী ও দুই সহযোগী গ্রেপ্তার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৯:৫৯ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে ইয়াবাসহ উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জিএস সেলিম সিকদারের স্ত্রী রুবি আক্তার কনা ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৮ মে) দিবাগত রাতে পৌর সদরের কলেজ রোডস্থ সৈয়দ টাওয়ারের ভাড়া বাসা থেকে ৭০ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা বাকি দুজন হলেন, পুষ্টকামুরী খালেরপাড়া গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে স্বপন মিয়া (৪৮) ও পার্শ্ববর্তী সখিপুর উপজেলার হতিয়া রাজাবাড়ি গ্রামের রশিদ দেওয়ানের ছেলে সজিব দেওয়ান (৩১)।
পুলিশ জানায়, রুবি আক্তার কনা পৌরসদরের সৈয়দ টাওয়ারের ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। অভিযানের টের পেয়ে বিপুল পরিমাণ ইয়াবা টয়লেটের ভেতর ফেলে দেন তারা। পরে তল্লাশি করে আরো ৭০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয় তাদের।
এ বিষয়ে মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, 'গ্রেপ্তার নারীসহ তিনজনের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।'
স্বদেশ প্রতিদিন/কেএইচ