প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, ৪:২৬ পিএম আপডেট: ২৮.০৫.২০২৫ ৪:৪৪ PM

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
সাজার বিরুদ্ধে জুবাইদা রহমানের দায়ের করা আপিলের শুনানি শেষে বুধবার (২৮ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এ মামলায় রায়ের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব মামলায় খালাস পেলেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
উল্লেখ্য, ২০২৩ সালের আগস্টে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের ৩ বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। ২০২৪ সালের ৫ আগস্টের পর আপিলের শর্তে জুবাইদা রহমানের সাজা এক বছর স্থগিত করে সরকার।
১৭ বছর পর গত ৬ মে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফেরেন ডা. জুবাইদা রহমান। ১৪ মে বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ মামলায় জুবাইদা রহমানকে জামিন দেন। একইসঙ্গে সাজার বিরুদ্ধে জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেন।
এর আগে ১৩ মে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তিন বছরের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে জুবাইদা রহমানকে আপিলের অনুমতি দেন হাইকোর্ট।
স্বদেশ প্রতিদিন/এমএম