প্রকাশ: রবিবার, ২৫ মে, ২০২৫, ৫:০২ পিএম

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মোস্তাকিম (১৮ মাস) নামে এক শিশু নিহত ও আহত হয়েছেন অন্তত আরও ৫ জন।
রবিবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের দহাকুলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক।
আহতরা হলেন, পাইকগাছার আব্দুল আজিজের স্ত্রী ফতেমা খাতুন (২৫), নিহত শিশুর মা শাপলা খাতুন (২০), নানী নাজমা খাতুন (৪৫), হযরত আলী (৪৫) এবং সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আব্দুর রহিম সরদারের ছেলে রাশেদ আলী। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত মোস্তাকিম তার মা শাপলা খাতুন ও নানী নাজমা খাতুনের সঙ্গে খুলনার পাইকগাছার শ্রীকন্ঠপুর গ্রাম থেকে ইজিবাইকযোগে সাতক্ষীরায় চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। পথে দহাকুলা মোড়ে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষের ফলে মোস্তাকিম মায়ের কোলে থেকে ছিটকে সড়কে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনাটি ঘটেছে এবং দুর্ঘটনা কবলিত বাসটি আটক করা হয়েছে। তবে বাসচালক ও হেলপার পালিয়ে যাওয়ায় এখনো তাদের আটক করা সম্ভব হয়নি। কেউ অভিযোগ করলে তদন্ত করে আইনী ব্যবস্থা নেওয়া হবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম