প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ৬:০৮ পিএম

লক্ষ্মীপুরের রায়পুরে এক ব্যবসায়ীর স্ত্রী রাবেয়া বেগমের বিরুদ্ধে দুই শিশু সন্তান, নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ঘরের যাবতীয় জিনিসপত্র নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটে গত ৯ মে, রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের দেওয়ান বাড়িতে।
ভুক্তভোগী হাসান দেওয়ান জানান, তার স্ত্রী রাবেয়া বেগম সন্তানদের নিয়ে বাবার বাড়ি বেড়াতে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হন। সঙ্গে নিয়ে যান দুই মেয়ে সন্তান, নগদ এক লাখ টাকা, দুই ভরি স্বর্ণ, ও বাড়ির বিভিন্ন মালামাল। এরপর থেকেই রাবেয়ার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
এ ঘটনায় হাসানের মা হোসনেয়ারা বেগম রায়পুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন, যেখানে রাবেয়ার পিতা আমির হোসেনসহ আরও দুই জনকে অভিযুক্ত করা হয়েছে।
হোসনেয়ারা বেগম বলেন, ‘বউ মেয়ে নিয়ে বাপের বাড়িতে গেছে মনে করে আমরা ফোন দেই, কিন্তু জানতে পারি সে বাড়িতেই নেই। পরে আমি নিজে গিয়ে তার বাবার কাছে জানতে চাই, তিনিও বলেন মেয়ের কোনো খবর তিনি জানেন না।’
অন্যদিকে রাবেয়ার বাবা আমির হোসেন বলেন, ‘আমার মেয়ে তার শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার হয়ে আমার বাড়িতে এসেছিল। আমি বাজারে ছিলাম, ফিরে এসে দেখি মেয়ে বাড়িতে নেই। তার পর থেকে তিনিও মেয়ের খোঁজ পাচ্ছেন না।’
এ বিষয়ে রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম