প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ১০:২৯ AM আপডেট: ২০.০৫.২০২৫ ১২:২৫ PM

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই তুরস্কগামী তার্কিশ এয়ারলাইন্সের TK713 ফ্লাইটের একটি ইঞ্জিনে আগুন ধরে যায়। তবে পাইলটের দ্রুত সিদ্ধান্ত ও দক্ষতায় প্লেনটি নিরাপদে জরুরি অবতরণ করতে সক্ষম হয়। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান ২৯০ জন যাত্রী।
আজ মঙ্গলবার (২০ মে) সকাল ৭ টার দিকে এয়ারবাস A330-303 মডেলের বিমানটি তুরস্কের ইস্তাম্বুলগামী যাত্রা শুরু করে। কিন্তু উড্ডয়নের প্রায় ১৫ মিনিট পর, পাইলট একটি ইঞ্জিনে স্পার্ক বা আগুনের ঝলক দেখতে পান। ধারণা করা হচ্ছে, ‘বার্ড হিট’ অর্থাৎ পাখির সঙ্গে ধাক্কার কারণে এই সমস্যা হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, তার্কিশ এয়ারলাইন্সের টিকে ৭১৩ ফ্লাইটটি (এয়ারবাস A330-303) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৭ টার দিকে ২৯০ জন যাত্রী নিয়ে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে রওনা দেয়। উড্ডয়নের ১৫ মিনিটের মাথায় পাইলটের একটি ইঞ্জিনে (দুটি ইঞ্জিন থাকে) স্পার্ক দেখতে পান।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ জানান, ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ার সঙ্গে সঙ্গেই পাইলট দ্রুত সিদ্ধান্ত নেন। এ অবস্থায় প্রায় দেড় ঘণ্টা আকাশে চক্কর দিয়ে তেল পুড়িয়ে সোয়া ৮ টায় জরুরি অবতরণ করেন।
বিমানবন্দর সূত্রে আরও জানা যায়, ইঞ্জিনে আগুন লাগার মতো স্পর্শকাতর পরিস্থিতিতে পাইলট পুরো সময় ঠান্ডা মাথায় কাজ করেন এবং নির্দেশনা অনুযায়ী নিরাপদে অবতরণ করেন।
এর আগে গত ১৬ মে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যায়। তবে পাইলটের দক্ষতায় ফ্লাইটটি নিরাপদে অবতরণে সক্ষম হয়।
স্বদেশ প্রতিদিন/এমএম