প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ৪:০৮ পিএম

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা চতুর্থ দিনের মতো নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। ‘ঢাকাবাসী’ ব্যানারে চলা এই কর্মসূচিতে আজ সোমবার আন্দোলনকারীরা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবিও জানান।
বিক্ষোভকারীরা বলছেন, গত ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল ঢাকা দক্ষিণের ২০২০ সালের নির্বাচন বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করলেও, এখনো তার শপথ গ্রহণ হয়নি। ২৭ এপ্রিল নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও শপথ অনুষ্ঠান না হওয়ায় তারা ক্ষুব্ধ।
এ নিয়ে আজ দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে প্রতিক্রিয়া জানান ইশরাক হোসেন। তিনি বলেন, ‘মেয়র ফেওর কিছু না। অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির ক্ষমতার লোভ এবং একে চিরস্থায়ী করার চেষ্টা স্পষ্ট হয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘অনেক গালমন্দ সহ্য করেছি, কারণ একটা- এই চেহারা জনসমক্ষে আনা দরকার ছিল গণতন্ত্র আর জনগণের ভোটাধিকার রক্ষার জন্য।’
তার দাবি, যারা নিরপেক্ষতার ভান ধরে একটি দলের পক্ষে কাজ করেছে, তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। তিনি অভিযোগ করেন, এই গোষ্ঠী উচ্চ আদালতে হস্তক্ষেপ করেছে, আমলাতন্ত্রকে ব্যবহার করে দীর্ঘমেয়াদি চক্রান্ত করছে।
পোস্টের শেষ অংশে ইশরাক বলেন, ‘লড়াই এখনো শেষ হয়নি। আমরা দাবি আদায় করবো, নাহয় আল্লাহর নির্ধারিত জায়গায় চলে যাবো। গণতন্ত্রের সঙ্গে কোনো আপস নয়।’
উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিপুল ভোটে জয়ী হন। তবে নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের মাধ্যমে সেটি বাতিল হয়ে যায় এবং বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করা হয়।
তবে এখনো তার শপথ অনুষ্ঠান না হওয়ায় বিষয়টি নিয়ে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে।
স্বদেশ প্রতিদিন/এমএম