প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ১১:১৭ AM আপডেট: ১৯.০৫.২০২৫ ১২:৪১ PM

বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ সোমবার (১৯ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এ আদেশ দেন। একইসঙ্গে তার জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২২ মে।
উল্লেখ্য, গতকাল রবিবার দুপুরে, নুসরাত ফারিয়া বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং সেখান থেকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
আলোচিত এ নায়িকার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টার ঘটনায় ভাটারা থানায় একটি মামলা রয়েছে। মামলায় তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
হত্যাচেষ্টার ওই মামলায় আসামি করা হয়- অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খানসহ ১৭ জন তারকাকে। তা ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন এবং অজ্ঞাতপরিচয় তিন-চার শজনকে ওই মামলায় আসামি করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম