প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ১২:৪৬ AM

আবারও ইতিহাস গড়লেন ব্রিটিশ পর্বতারোহী কেনটন কুল। ১৯তম বারের মতো বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে নিজেই নিজের গড়া রেকর্ড ভাঙলেন তিনি। রবিবার (স্থানীয় সময়) সকাল ১১টায় হিমালয়ের চূড়ায় পৌঁছান কুল, যা কোনো নেপালি নন এমন কারো মধ্যে সর্বোচ্চ আরোহণের রেকর্ড।
২০০৪ সালে প্রথম এভারেস্ট জয়ের পর যেন শৃঙ্গজয়ের নেশায় কুল পর্বতবাহিত হয়েছেন ১৯ বার। অথচ ১৯৯৬ সালের এক দুর্ঘটনায় চিকিৎসকরা বলেছিলেন, তিনি আর কখনো হাঁটতে পারবেন না। সেই সীমাবদ্ধতাকে জয় করে আজ তিনি নিজেই অনুপ্রেরণা।
নিজের ইনস্টাগ্রাম পোস্টে কুল লেখেন, "আমি শীর্ষে! এটি শুধু রেকর্ড নয়, এটি বিশ্বাসের জয়।"
এভারেস্ট অভিযানে রেকর্ড গড়ার এই লড়াইয়ে তার পাশে রয়েছেন নেপালি কিংবদন্তি কামি রিতা শেরপা, যিনি চলতি মৌসুমেই ৩১তম শৃঙ্গজয়ের লক্ষ্যে প্রস্তুত। একইসঙ্গে চলেছে বিপদের মিছিলও। সাম্প্রতিক সময়ে এভারেস্টে প্রাণ হারিয়েছেন এক ফিলিপিনো ও এক ভারতীয় পর্বতারোহী।
নেপাল সরকার চলতি মৌসুমে ৪৫৮ জনকে এভারেস্টে আরোহণের অনুমতি দিয়েছে। তীব্র ঠাণ্ডা ও অক্সিজেনশূন্য এই পথে গড়ে উঠেছে তাঁবুর শহর, যেখানে বৈশ্বিক অভিযাত্রীদের পাশে আছেন সাহসী শেরপারা।
স্বদেশ প্রতিদিন/এনআর