প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ৫:১৫ পিএম

অন্তর্বর্তী সরকার নির্বাচন দিতে গড়িমসি করছে উল্লেখ করে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
শনিবার (১৭ মে) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
সভায় রাষ্ট্রকাঠামোর মেরামতের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং দ্রুত নির্বাচনের দাবিও তুলে ধরা হয়।
আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি ডা. মো. আবু বকর সিদ্দিক। এছাড়াও আরো ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, বিএনপি ধৈর্যশীল একটি দল। তারেক রহমানের নীতি মেনে চলা একটি দল। বিএনপিসহ গণতান্ত্রিক দলগুলো গত ১৭ বছর ধরে গণতান্ত্রিক নির্বাচনের জন্য আন্দোলন করছে।
ড. ইউনূসের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রফেসর ইউনূস দেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার কাছে আমাদের প্রত্যাশা অনেক। তবে ক্ষমতা গ্রহণের নয় মাস পর কেন করিডোরের প্রশ্ন আসে?
দেশের সংস্কারের জন্য যে রূপ রেখা প্রয়োজন তা তারেক রহমান অনেক আগেই দিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, স্বৈরাচার হাসিনার মনোনীত নির্বাচন কমিশনের অধীনে আর কোনো ভোট হবে না। এ দেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচন চায়। কিন্তু নির্বাচন দিতে বর্তমান সরকার একটু পিছপা হচ্ছে বলে মনে করছি আমরা।
সবশেষে সভায় তিনি আরো বলেন, আমরা ড. ইউনূসকে নিয়ে অহংকার করি। জিয়াউর রহমান এবং স্ত্রী ও সন্তানের উপর প্রতিনিয়ত অত্যাচার করেছেন হাসিনা সরকার। অনেক আন্দোলন এবং পরিশ্রম করেছি আমরা। তবে কেবল এই নয় মাস অতিবাহিত হওয়ার পূর্বেই নির্বাচন আশা করেছিলাম।
স্বদেশ প্রতিদিন/আইজেপি