প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ৫:১৬ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের কথা বলে এক শিল্পীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার তালম ইউনিয়নের রানীর হাট উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এরপর শুক্রবার ভুক্তভোগী তিনজনকে আসামি করে তাড়াশ থানায় মামলা করেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের কথা বলে বৃহস্পতিবার শেরপুরের সদর এলাকা থেকে ভুক্তভোগী শিল্পীকে তাড়াশে নিয়ে আসে অভিযুক্তরা। পরে উপজেলার রানীর হাট উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় তাকে ধর্ষণ করে শেরপুরের বাসিন্দা মো. কফিল উদ্দিন, রফিকুল ইসলাম, এনামুল হক এনা সহ ৪ থেকে ৫ জন ব্যক্তি। পুলিশ অভিযান চালিয়ে আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে। তিনি বগুড়ার শেরপুর উপজেলার বাসিন্দা।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, গ্রেপ্তার রফিকুলকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ মামলাটি তদন্ত করছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে।
স্বদেশ প্রতিদিন/আইএমএস