প্রকাশ: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ২:৪২ পিএম আপডেট: ১৭.০৫.২০২৫ ২:০২ PM

টাঙ্গাইলে গর্ভের বাচ্চাসহ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই মাংস ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ শুক্রবার (১৬ মে) সকালে শহরের বটতলা বাজারে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যবসায়ীর নাম সুবেল মিয়া। তিনি বটতলা বাজারে সোহেলের মাংসের দোকানে দীর্ঘদিন ধরে মাংসের ব্যবসা করে আসছেন। আজ কসাইখানা পরিদর্শক বাজারে গিয়ে গর্ভবতী গরুটি শনাক্ত করেন।
ভেটেরিনারি সার্জন মো. শাহিন আলম বলেন, একটি গরু জবাই করা হয়েছে জানতে পেরে সেখানে গরুটি পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, এর পেটে প্রায় দুই মাসের বাচ্চা ছিল।
জাতীয় ভোক্তা অধিদপ্তরের উপপরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, মাংস ব্যবসায়ী সুবেলকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি দোষ স্বীকার করেন। এরপর তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ৭০ কেজি মাংস জব্দ করে সবার সামনে মাটিতে পুতে রাখা হয়।
স্বদেশ প্রতিদিন/আইএমএস