প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ৮:৫৬ AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদলের স্যার এ এফ রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
মঙ্গলবার (১৩ মে) মধ্যরাতে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ছুরিকাঘাতে সাম্য নিহত হওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাকিব বলেন, নিহত সাম্য আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত ছাত্রনেতা। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে রাজপথে তার সাহসী ভূমিকা ছিল। বিশেষ করে জুলাই-আগস্টের আন্দোলনে সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সহপাঠীদের কাছে সে ছিল অত্যন্ত জনপ্রিয় ও মেধাবী।
তিনি আরও বলেন, আমরা এখনই এর পেছনে রাজনীতি খুঁজছি না। আমরা শুধু আমাদের সহযোদ্ধা হত্যার বিচার চাই। যে বা যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন এবং স্যার এ এফ রহমান হলের ২২২ নম্বর কক্ষে থাকতেন। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায়।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাকিব বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে অনিরাপদ ক্যাম্পাসের যে পরিবেশ বিরাজ করছে, সাম্যের মৃত্যু তারই জ্বলন্ত প্রমাণ। সোহরাওয়ার্দী উদ্যান এখন মাদকসেবী ও অপরাধীদের জন্য অভয়ারণ্য হয়ে উঠেছে। সেখানে দিনে-রাতে প্রকাশ্যে মাদক সেবন হয়, রাত ১২টার পর পুরো এলাকা অপরাধপ্রবণ হয়ে পড়ে।
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমরা বহুবার বিষয়গুলো বলেছি, কিন্তু কোনো প্রতিকার হয়নি। আজকের ঘটনা প্রমাণ করে, সোহরাওয়ার্দী উদ্যানকে এখনই নিরাপত্তা বলয়ের আওতায় আনা জরুরি। যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদে যাতায়াত করতে পারে।
স্বদেশ প্রতিদিন/এনআর