প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫, ৭:১৯ পিএম

ট্রাফিক পুলিশের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও সাহসিকতায় যশোরের ধর্মতলা এলাকায় একটি যাত্রীবাহী ট্রেন বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। মানবিকতা ও দায়িত্বশীলতার অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী দুই পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান।
৩০ এপ্রিল সকালে ট্রাফিক পুলিশের মোবাইল ডিউটির অংশ হিসেবে টিএসআই কবিরুল ইসলাম ও কনস্টেবল শরিফুল ইসলাম ধর্মতলা এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি এসে জানান, কাছের একটি রেলক্রসিংয়ে দায়িত্বে থাকা লাইনম্যান গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।
পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখেন, লাইনম্যান জ্বরে কাঁপছেন এবং আর দায়িত্ব পালন করতে পারছেন না। সঙ্গে সঙ্গেই তারা তাকে রিকশায় করে হাসপাতালে পাঠিয়ে দেন।
ঠিক তখনই তারা জানতে পারেন, কাছেই একটি যাত্রীবাহী ট্রেন আসছে। দুর্ঘটনার আশঙ্কায় কনস্টেবল শরিফুল ইসলাম নিজ উদ্যোগে রেলগেটের লাইন নামিয়ে দেন, যাতে করে ট্রেনটি নিরাপদে পার হতে পারে। সাহসিকতা ও তৎপরতায় অল্পের জন্য রক্ষা পায় শতাধিক যাত্রীর প্রাণ।
ঘটনার একজন প্রত্যক্ষদর্শী সামাজিক মাধ্যমে বিষয়টি তুলে ধরলে ব্যাপক প্রশংসা পান ওই দুই পুলিশ সদস্য। বিষয়টি পুলিশ সুপার রওনক জাহানের নজরে এলে তিনি ১২ মে সকালে পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে টিএসআই কবিরুল ইসলাম ও কনস্টেবল শরিফুল ইসলামকে পুরস্কৃত করেন।
পুলিশ সুপার বলেন, ‘এই ধরনের কাজ পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে উজ্জ্বল করে। তাদের তৎপরতায় একটি বড় দুর্ঘটনা থেকে মানুষ রক্ষা পেয়েছে। এই পুরস্কার তারা অবশ্যই প্রাপ্য।’
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নূরে-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, যশোর ট্রাফিক পুলিশের অফিসার ইনচার্জ মাফুজুর রহমানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
স্বদেশ প্রতিদিন/এমএম