সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
গঠনতন্ত্রের তোয়াক্কা না করে নারীদের দলে ভেড়াচ্ছে শিবির
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১১ মে, ২০২৫, ৯:১০ AM আপডেট: ১১.০৫.২০২৫ ৯:৩৫ এএম

শুধু ছাত্রদের সংগঠন হওয়া সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে সংগঠনে দাওয়াত দিয়ে সমর্থক বানাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। যা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সংবিধানের স্পষ্ট অবমাননা এবং সংগঠনের মৌলিক নীতি ও কর্মসূচি পরিপন্থী। এ নিয়ে ঢাবির সচেতন শিক্ষার্থী মহলে প্রশ্নবিদ্ধ সংগঠনটি।

২৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে ঢাবি শিবির আয়োজিত নবীন লেখক সংবর্ধনা অনুষ্ঠানে ঢাবি শিবিরের ওয়েবসাইট উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রশিবির সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। 

শিক্ষাবৃত্তির আবেদন ফর্ম, দায়িত্বশীলদের পরামর্শ-অভিযোগ প্রদান, সিলেবাসভুক্ত সকল বইয়ের অনলাইন কপিসহ নানা ফিচার সম্বলিত ওয়েবসাইটটি। যেকোন ঢাবি শিক্ষার্থী ওয়েবসাইটে থাকা ‘সমর্থক' ফরম পূরণ করে শিবিরের সমর্থক হতে পারবেন। এক্ষেত্রে ওই শিক্ষার্থীকে নিজের নাম, পিতার নাম, মাতার নাম, বর্ষ, সেশন, অনুষদ, ডিপার্টমেন্ট, হল, ফেসবুক আইডি, ইমেইল আইডি, মোবাইল নাম্বার, জেলা ও উপজেলার তথ্য দিতে হবে।

এর মধ্যে বর্ষ, সেশন ও হল অপশনগুলোতে ওয়েবসাইট প্রদত্ত নির্দিষ্ট তথ্য পূরণ করতে হবে। হল অপশনে বিশ্ববিদ্যালয়ের ছেলেদের হলগুলোর নামের পাশাপাশি মেয়েদের পাঁচটি হল- রোকেয়া হল, শামসুন্নাহার হল, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল, কবি সুফিয়া কামাল হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল এবং মেয়েদের দুটি হোস্টেল- নবাব ফয়জুন্নেসা চৌধুরানী ছাত্রী নিবাস ও শহীদ এ্যাথলেট সুলতানা কামাল হোস্টেলের নাম রয়েছে। অর্থাৎ এই হলগুলোতে আবাসন বরাদ্দ যেকোন ছাত্রীই অনায়াসে শিবিরের সমর্থক হতে পারবে‌।

ওয়েবসাইটটি উদ্বোধনের পরেরদিন ২৮ ফেব্রুয়ারি থেকেই ফেসবুকে সমর্থক ফরম পূরণের প্রচারণা চালিয়ে যাচ্ছে সংগঠনটির ঢাবি শাখার নেতৃবৃন্দ। ৯ মার্চ থেকে অনলাইনে ‘সপ্তাহব্যাপী জয়েন শিবির ক্যাম্পেইন' কর্মসূচি চালায় শাখাটি। ‘ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়' ফেসবুক পেজে প্রচার করা ফটোকার্ডে ওয়েবসাইটটির লিংক  এবং কিউআর কোড স্ক্যান করে ওয়েবসাইটটিতে প্রবেশ করে শিবিরের সমর্থক হওয়ার দাওয়াত দিয়েছে তারা। ওয়েবসাইটটির লিংক ও কিউআর কোড সম্বলিত ফটোকার্ড ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে প্রচার করেছেন ঢাবি শিবির সভাপতি এস এম ফরহাদ, সাংগঠনিক সম্পাদক কাজী আশিক, প্রকাশনা সম্পাদক মো. আনিছ মাহমুদ সাকিব, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক মাজহারুল ইসলাম, ছাত্র অধিকার ও দক্ষতা উন্নয়নবিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম মুজাহিদসহ একাধিক ঢাবি নেতৃবৃন্দ।

বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের ৫ দফা কর্মসূচি রয়েছে। এগুলো হচ্ছে- দাওয়াত, সংগঠন, প্রশিক্ষণ, ইসলামী শিক্ষা আন্দোলন ও ছাত্র সমস্যার সমাধান এবং ইসলামী সমাজ বিনির্মাণ। সংগঠনটির সংবিধানে কর্মসূচি গুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। সংবিধানের ধারা-৩ এ ‘সংগঠন' সম্পর্কে বলা হয়েছে “যেসব ‘ছাত্র' ইসলামী জীবনবিধান প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নিতে প্রস্তুত, তাদেরকে সংগঠনের অধীনে সংঘবদ্ধ করা"।

‘প্রশিক্ষণ' সম্পর্কে বলা হয়েছে “এ সংগঠনের অধীনে সংঘবদ্ধ ‘ছাত্রদেরকে' ইসলামী জ্ঞান প্রদান এবং আদর্শ চরিত্রবানরূপে গড়ে তুলে জাহেলিয়াতের সমস্ত চ্যালেঞ্জের মোকাবেলায় ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার যোগ্যতাসম্পন্ন কর্মী হিসেবে গড়ার কার্যকরী ব্যবস্থা করা"। অর্থাৎ সংগঠনটির সংবিধান অনুযায়ী ছাত্র ব্যতীত কোন ছাত্রীকে সংগঠনে অন্তর্ভুক্ত করার কোনো সুযোগ ছাত্রশিবিরের নেই।


গঠনতান্ত্রিকভাবে না হলেও রাজনৈতিক মহলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন হিসেবে ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির' এবং ছাত্রী সংগঠন হিসেবে ‘বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা' পরিচিত। অর্থাৎ কোন ছাত্র যদি এই তিন সংগঠনের সাথে সম্পর্কিত মূল্যবোধে বিশ্বাসী রাজনীতি করতে চায় তাহলে তাকে ছাত্রশিবির এবং একই মূল্যবোধে বিশ্বাসী ছাত্রীকে ইসলামী ছাত্রী সংস্থা করতে হবে। যদিও বর্তমানে ইসলামী ছাত্রী সংস্থার প্রকাশ্য কোন কার্যক্রম বাংলাদেশে নেই। স্বভাবতই ঢাবিতে ছাত্রীসংস্থার কোন প্রকাশ্য কার্যক্রম না থাকলেও কমিটি ও গোপন কার্যক্রম থাকাটা অবাঞ্ছনীয় নয়। যার ফলে ঢাবি শিবির ঢাবি ছাত্রী সংস্থার সাথে যোগাযোগ রেখে চলছে কিনা এবং নারী সমর্থক সংগ্রহ করে ছাত্রী সংস্থার কাছে হস্তান্তর করছে কিনা এমন সন্দেহ দেখা দিয়েছে শিক্ষার্থীদের মনে।

বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সদ্য মাস্টার্স সম্পন্নকারী শিক্ষার্থী মামুন অর রশীদ বলেন, 'ছাত্রশিবির যখন সমর্থক ফরম পূরণে মেয়েদেরকে আহ্বান করছে তখন এটা স্পষ্ট হয় যে শিবিরের সাথে ছাত্রী সংস্থার গোপন সম্পৃক্ততা রয়েছে। কিন্তু আমরা ক্যাম্পাসে ছাত্রী সংস্থার কোন কার্যক্রম প্রকাশ্যে দেখতে পাইনি। শিবির এক্ষেত্রে ছাত্রী সংস্থার কার্যক্রমে প্রকাশ্যে হস্তক্ষেপ করছে বলে আমার মনে হয়। যা শিবিরের সাংবিধানিক নীতি-নৈতিকতার পরিপন্থী।'

গত বছর ১৭ই অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম  লেকচার হলে ‘ন্যারেটিভ' আয়োজিত ‘জুলাই গণবিপ্লব পরবর্তী ছাত্র রাজনীতি: প্রসঙ্গ ছাত্রশিবির' শীর্ষক সেমিনারে ঢাবি শিবিরের তৎকালীন সেক্রেটারি জেনারেল ও বর্তমান সভাপতি এস এম ফরহাদ বলেছিলেন, ইসলামী ছাত্রশিবির তার সাথে শেয়ার্ড ভ্যালুজ এডজাস্ট করে এমন পলিটিক্যাল সকল ইতিহাসকে একসাথে ওউন করে। যেমন পলাশী দিবস। তার মানে কি সিরাজউদ্দৌলা শিবিরের সাবেক কর্মী? শিবিরের আরেকটা সাংগঠনিক দিবস আছে। সেটা হচ্ছে বদর দিবস। তার মানে বদরে যারা যুদ্ধ করেছে তারা মনে হয় শিবিরের সাথী ছিল! এমন কিছু না। অর্থাৎ শিবিরের সিস্টেম হচ্ছে শিবিরের যেখানে যেখানে ভ্যালুজ মিলবে সেখানে শিবির রেসপন্স করবে।

তিনি আরো বলেছিলেন, ডাকসু নির্বাচনে যদি প্যানেল থাকে তাহলে (শিবির) অবশ্যই নারী প্রতিনিধি দেবে। শিবির প্যানেল দিলে নারী শিক্ষার্থী, মাইনোরিটিজ সবাইকে অন্তর্ভুক্ত করে নিঃসন্দেহে দিবে। নারী শিক্ষার্থীরা আলাদা সংস্থার (ইসলামী ছাত্রী সংস্থা) হলেও কো-অপারেশন হবে বলে জানান তিনি। ফরহাদ বলেছিলেন, যেহেতু ডাকসু ইস্যু নারী-পুরুষ কমন ভোটার (ইস্যু), কমন ইস্যুতে কো-অপারেশনটা হয় এভাবে।

ফরহাদের এমন বক্তব্য ছাত্রী সংস্থার সাথে ঢাবি শিবিরের গোপন যোগাযোগ এবং সহযোগিতার সন্দেহ আরও বাড়িয়ে দেয়।

ঢাবি শিবির নারী সমর্থক খুঁজতে থাকলেও শিবির বিশ্বাস করে নারীদের জন্য আলাদা প্লাটফর্ম থাকা জরুরী। খোদ ফরহাদের বক্তব্যেই এমন বিষয় উঠে এসেছে। ওই সেমিনারে ফরহাদ বলেছিলেন, যে সংগঠনগুলোকে নারীর জন্য এক্সাম্পল মনে করছেন সেই সংগঠনগুলোতে টোটাল হিস্ট্রিতে আপনি খুব কম সংখ্যক পাবেন যে নারীরা সভাপতি-সেক্রেটারি হইতে পারছে। শিবির এটা চায় না যে আমি নারীদেরকে এক্সেস দেয়ার অভিনয় করব কিন্তু তাকে আমি ডিসিশন মেকিংয়ে, সুপিরিয়র জায়গায় আনতে দেব না। শিবির বিশ্বাস করে, আলাদা প্লাটফর্ম থাকবে স্বতন্ত্রভাবে। সেখানে নারীরাই থাকবে সুপিরিয়র, তারাই থাকবে সিদ্ধান্ত গ্রহীতা, তারা এক্সিকিউট করবে, তারাই সবকিছু করবে। শিবির এখানে শুধু কো-অপারেট করবে। এক্সাক্টলি এটাই হচ্ছে। আমাদের শেয়ার্ড ভ্যালুজ সম্পন্ন প্ল্যাটফর্ম যারা নিজেরাই সুপিরিয়র হবে, নিজেরাই সংগঠন প্লে করবে, নিজেরাই এক্সিকিউট করবে। আমার মনে হয় এতে করে নারীরা আরো বেশি ক্ষমতাবান হয়। আমরা (নারীদের) অধিকতর ক্ষমতাবান হওয়াকে সম্মান করি এবং সহযোগিতা করি।

অর্থাৎ নারীদের জন্য ভিন্ন প্লাটফর্মের  কথা বললেও নিজেদের সংগঠনেই নারী শিক্ষার্থীদের গ্রহন করছে ঢাবি শিবির।

সেমিনারে তিনি আরো বলেছিলেন, “শিবিরের গঠনতন্ত্রের নিয়মই হচ্ছে অন্যান্য সংগঠনে শিবিরের কর্মীরা এঙ্গেজ হয় না। সাধারণত শিবিরের দায়িত্বশীল নেতা-কর্মীরা অন্যান্য সংগঠনের ভ্যানগার্ড হয়ে কাজ করেছে, কর্মী হয়ে কাজ করেছে এ ধরনের ডকুমেন্টেশন (অতীতের কর্মকাণ্ডে) পাবেন না।"

ফরহাদের এমন বক্তব্যের মাধ্যমে শিবির নেতাকর্মীরা অন্য কোন স্বতন্ত্র রাজনৈতিক সংগঠনে না জড়ানোর দাবি করলেও শিবিরে নারীদের সমর্থক ফরম পূরণের মাধ্যমে নেতাকর্মীরা স্বতন্ত্র সংগঠন ছাত্রী সংস্থার সাথে এঙ্গেজ হচ্ছে কিনা বা ভ্যানগার্ড হিসেবে কাজ করছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলার যথেষ্ঠ সুযোগ রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ বলেন, তারা কী নারীদের ইমপাওয়ারমেন্ট করতে চায় নাকি ইমপাওয়ারমেন্টের আবহ তৈরি করে দায় এড়াতে চায় সেটা শিবিরকে পরিষ্কার করতে হবে। প্রত্যেকটা সংগঠনের কাঠামো আলাদা হবে এটাই স্বাভাবিক। এই বৈচিত্র্যকে আমরা শ্রদ্ধা করি। তবে এই বৈচিত্রের পাশাপাশি মুখে এক বলব আর অন্তরে আরেক রাখব এই ধরনের দ্বিচারিতা যাতে ফুটে না ওঠে সে বিষয়ে স্বচ্ছতা থাকাটা জরুরী। শিবির যদি বাইরে এক রকম কথা বলে ভিতরে ভিন্নরকম চর্চা করে তাহলে তারা সাধারণ শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা তো হারাবেই বরং ধিক্কারের পাত্রতে পরিণত হবে।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আজগারুল ইসলাম বলেন, ছাত্রশিবিরে ছাত্রী সমর্থক অন্তর্ভুক্তির পেছনে কি কারণ রয়েছে তাদের তা পরিষ্কার করা উচিৎ। শিবির যদি তাদের ওয়েবসাইটের মাধ্যমে ছাত্রী সমর্থক তৈরী করে তাদেরকে ছাত্রীসংস্থায় অন্তর্ভুক্ত করতে চায় তবে তা হবে নীতিবিরুদ্ধ। এ ব্যাপারে ছাত্রীসংস্থাকে প্রকাশ্যে এসে তাদের কার্যক্রম পরিচালনা করা উচিৎ।

সার্বিক বিষয়ে জানতে চাইলে ঢাবি শিবির সেক্রেটারি জেনারেল মহিউদ্দিন খান বলেন, '৫ আগস্টের পর  ছাত্র-ছাত্রী নির্বিশেষে সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। অনলাইনে সমর্থক হওয়ার প্রক্রিয়া তার প্রতিক্রিয়া মাত্র। অর্থাৎ এর মাধ্যমে আমরা ছাত্র ছাত্রী নির্বিশেষে আমাদের অবস্থান জানতে চেয়েছি।'

তিনি বলেন, ছাত্রশিবিরের সংবিধান অনুযায়ী দুটি স্তর- সাথী এবং সদস্য হোন কেবল ছাত্ররা। এক্ষেত্রে সমর্থক হিসেবে অন্তর্ভুক্তির জন্য কোন শিক্ষার্থী কর্তৃক প্রদেয় তথ্য যাচাই-বাছাই করা হয়। ফলে তথ্য যাচাই-বাছাই করে যাদের সমর্থক হিসেবে অন্তর্ভুক্ত করা হবে তারাই কাঠামোগতভাবে সমর্থক হিসেবে স্বীকৃতি পাবেন। তবে এর বাইরেও ছাত্রশিবিরের প্রতি সমর্থন প্রদান করতে পারেন যে কেউ।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close