প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ৪:১৬ পিএম

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সহকারী একান্ত সচিব (এপিএস) আব্দুল ওয়াহেদ খান টিটু (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার (৯ মে) ভোর সাড়ে ৫ টার দিকে নওগাঁর বদলগাছি উপজেলার এক স্থানীয় বিএনপি নেতার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বদলগাছির চাকরাইল চৌধুরীপাড়া গ্রামের বিএনপি নেতা সাগর চৌধুরীর বাড়ি থেকে টিটুকে গ্রেপ্তার করা হয়। সাগর স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন এবং বর্তমানে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। তাকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
জানা যায়, টিটু রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বাবা আব্দুল ওয়াদুদ খান রাজশাহী মহানগর শ্রমিক লীগের সভাপতি ছিলেন।
টিটু রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সেকশন অফিসার পদে কর্মরত ছিলেন, তবে গত ৫ বছর ধরে ছুটি না নিয়ে মেয়র লিটনের এপিএস হিসেবে কাজ করেছেন। এই সময় তিনি দুই জায়গা থেকেই বেতন গ্রহণ করেছেন বলে অভিযোগ পাওয়া যায়।
বদলগাছি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘সাগর চৌধুরী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন, তবে শুনেছি তিনি আগেই দল থেকে বহিষ্কৃত হয়েছেন। তার বাড়ি থেকেই টিটুকে গ্রেপ্তার করা হয়েছে। টিটুকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হবে। সাগরও এখনো পুলিশ হেফাজতে রয়েছেন।’
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বলেন, ‘সাগর চৌধুরী কেন টিটুকে আশ্রয় দিয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। তার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম