প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ৩:৩৬ পিএম আপডেট: ০৯.০৫.২০২৫ ৩:৪৪ PM

টাঙ্গাইলের সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণে দুই ভাই আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ি বারমন্ডুলীয়া এলাকায় এই ঘটনাটি ঘটে। আহত মাসুম পারভেজ (৫০) ও মঞ্জুরুল মোরশেদ (৪০) ওই ইউনিয়নের তৈলধারা গ্রামের সাবেক ইউপি সদস্য আবু সাঈদের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গড়বাড়ি বারমন্ডুলীয়া এলাকায় পরপর চারটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। স্থানীয়রা ছুটে এসে মাসুম ও মঞ্জুরুলকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার উন্নতি না হলে, রাতেই আহত দু'জনকে ঢাকায় প্রেরণ করা হয়।
আহতদের বাবা আবু সাঈদ মেম্বার জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মাসুম পারভেজের ছেলে সনেট এবং একই এলাকার আসাদুলের ভাই মোশারফের মধ্যে তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটি হলে, আসাদুল মাসুম পারভেজের বাসায় গিয়ে হুমকি-ধামকি দেয়। রাতে মাসুম ও মঞ্জুরুল মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে আসাদুল ককটেল ফাটিয়ে হামলা চালায়। সংকটাপন্ন অবস্থায় মাসুম পারভেজ বর্তমানে আইসিওতে এবং অন্যজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, ঘটনাস্থলটি রাতেই পরিদর্শন করেছে পুলিশ। মামলার তদন্ত সাপেক্ষ্যে পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
স্বদেশ প্রতিদিন/আইএমএস