
স্বৈরাচার আওয়ামী শাসন আমলে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তৈরি করা হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ কারাগার। তবে রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে যাওয়ায় সেই কারাগারেই এখন বন্দি থাকবেন আওয়ামী নেতারা।
প্রসঙ্গত, খালেদা জিয়াকে ওই কারাগারে স্থানান্তরের প্রস্তুতিও নিয়েছিল কারা কর্তৃপক্ষ বলে সম্প্রতি জানা গিয়েছে। কিন্তু করোনা মহামারি শুরু হওয়ায় ২০২০ সালে মুক্তি পান তিনি। এরপর কয়েক দফায় বাড়ানো হয় তার মুক্তির মেয়াদ। তবে ২০২৪ সালে ফ্যাসিবাদ এই শাসনের পতনের পর বদলে যায় পুরো পরিস্থিতি। একের পর এক মামলায় খালাস পান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ফেরেননি আর জেলেও।
অন্তর্বর্তী সরকার বেগম জিয়ার জন্য তৈরি করা সেই বিশেষ কারাগার নতুনভাবে চালু করছে। ১৫ মে থেকে সেখানে বন্দি স্থানান্তরের কথা রয়েছে। কারাগারটিতে রাখা হবে আওয়ামী লীগের গ্রেপ্তার হওয়া মন্ত্রী, এমপি ও ভিআইপিসহ আরো অনেককেই।
কারাগার সূত্রে জানা গিয়েছে, বিশেষ কারাগার চালুর প্রস্তুতি প্রায় সম্পন্ন। ইতোমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে কারা কর্মকর্তাদের। সিনিয়র জেল সুপার হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ তাইফুদ্দিন। জেলার হিসেবে রয়েছেন শাখাওয়াত হোসেন। সিসিটিভি, জ্যামারসহ ব্যবস্থা করা হচ্ছে কঠোর নিরাপত্তার।
গ্রেফতারকৃত প্রভাবশালী নেতাদের এই কারাগারে স্থানান্তর করা হবে উল্লেখ করে কারা কর্তৃপক্ষ জানায়, বর্তমানে গ্রেপ্তার হওয়া ভিআইপির সংখ্যা ১৪৬ জন।
কারাগারে যাচ্ছেন এদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, মন্ত্রী শাজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাধন চন্দ্র মজুমদার, জুনায়েদ আহমেদ পলক, আরিফ খান জয়সহ প্রমুখ।
এছাড়াও রয়েছেন পুলিশের সাবেক এসপি সাদেক খান, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, বরখাস্ত পুলিশ কর্মকর্তা তানভীর সালেহ ইমন, বিতর্কিত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানসহ আরো অনেকে।
আরো রয়েছেন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ডা. এনামুর রহমান, ডেপুটি গভর্নর সিতাংশু সুর চৌধুরী, দীপংকর তালুকদার, চিফ হুইপ আসম ফিরোজ, হাজি সেলিমের ছেলে সাবেক এমপি সোলায়মান সেলিম, শমসের মবিন চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাফি মোদাচ্ছের খান জ্যোতি, মহিউদ্দিন ফারুকী, কামরুল ইসলাম খান পোটন, পুলিশ কর্মকর্তা শাহেন শাহ এবং তানজিল আহমেদ।
এছাড়াও বিশেষ কারাগারে স্থানান্তরের তালিকায় রয়েছেন আরো ভিআইপি বন্দি- সাবেক মন্ত্রী, উপদেষ্টা, সচিব ও এমপিরা। তাদের মধ্যে আছেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমামের ছেলে ও সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম, আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান মিয়া (গোলাপ), কাজী জাফরউল্লাহ, আহম্মদ হোসাইন। রয়েছেন সাবেক হুইপ মাহবুব আরা গিনি, বিতর্কিত এমপি আব্দুর রহমান বদি এবং উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
এই তালিকায় আরো আছেন- সাবেক মন্ত্রী লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, আমিনুল ইসলাম খান, নজিবুর রহমান, জাহাঙ্গীর আলম, মেজবাহ উদ্দিন, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, আবুল কালাম আজাদ, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন,এবং সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাসসহ প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/আইজেপি