প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ১:১৭ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের শালপাড়া বাজারে নিম্ন মানের বালু-খোয়া ব্যবহার করে হাট সেডের ঘর নির্মাণের অভিযোগ উঠেছে প্রকল্প চেয়ারম্যান ও ইউপি সদস্য আনোয়ার হোসেনের বিরুদ্ধে।
নিয়মানুযায়ী উপজেলা প্রকৌশল অফিসের একজন তদারককারী কর্মকর্তার উপস্থিতিতে প্রকল্প কাজ করার কথা থাকলেও ইউপি সদস্য আনোয়ার হোসেন সেটি না করে এক রাতের মধ্যেই হাট সেড ঘরের ঢালাই ও প্লাস্টারের কাজ সম্পূর্ণ করেছেন। এ কারণে কাজের মান নিয়ে এলাকার মানুষের মাঝে সন্দেহের সৃষ্টি হয়েছে।
ইউপি সদস্যের দাবী প্রকৌশল অফিসের লোকের উপস্থিতিতে কাজটি সম্পূর্ণ করা হয়েছে। এখানে কোন নিম্নমানের খোয়া ও বালু ব্যবহার করা হয়নি। দ্রুত সমাপ্ত করার জন্য রাত ৮টা পর্যন্ত কাজ করা হয়েছে। এদিকে প্রকল্প তদারককারী কর্মকর্তা বলছেন রাতে কাজ করার বিষয়টি তার জানা নেই।
সরজমিনে গিয়ে দেখা যায়, সেডের ঢালাই ও প্লাস্টারের কাজে ব্যবহার করা অতিরিক্ত নিম্নমানের খোয়া ও বালু গুলো অন্যত্র সরানো হচ্ছে। যা কাজের অনুপযোগী বলে স্থানীয়রা জানান। স্থানীয় চাঁদপুর গ্রামের রুবেল হোসেন, মুদি ব্যবসায়ী বাবু আকন্দ সহ একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানান, রবিবার বিকেল থেকে সারারাত ও পরের দিন সোমবার দুপুর পর্যন্ত একাধারে সেডের ঢালাই ও প্লাস্টারের কাজ চলে। সরকারী কাজ রাতের আধারে করার নতুন নিয়ম দেখলাম।
ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন বলেন, কাজটি নিম্নমানের খোয়া ও বালু দিয়ে হয়েছে কিনা জানি না। তবে রাতে কাজ করার বিষয়টি স্থানীয় একাধিক ব্যক্তি আমাকে ফোনে ও মৌখিক ভাবে জানিয়েছেন।
উপজেলা প্রকৌশল অফিসের প্রকল্প তদারকির দায়িত্বপ্রাপ্ত উপ সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, আমি সেখানে সন্ধ্যা পর্যন্ত উপস্থিত ছিলাম। আসার সময় সামান্য কাজ বাকি ছিলো। তা পরের দিন করার জন্য বলে আসি।
স্বদেশ প্রতিদিন/আইএমএস