প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ৭:৩৫ পিএম আপডেট: ০৭.০৫.২০২৫ ৭:৩৮ PM

খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ৬৬ জন ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। প্রবেশকারীরা সকলেই ভারতের গুজরাটের বাসিন্দা ও মুসলিম সম্প্রদায়ের বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসন।
এছাড়াও জানা গেছে, বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে আরো ১৭ গাড়ি ভারতীয় নাগরিক।
বুধবার (৭ মে) ভোর সাড়ে ৪টা থেকে সাড়ে ৬টার মধ্যে জেলার মাটিরাঙা উপজেলার গোমতি ইউনিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে ২৭ জন, তাইন্দং সীমান্ত দিয়ে ১৫ জন ও পানছড়ি থানাধীন লোগাং ইউনিয়নের রুপসেন পাড়া সীমান্ত দিয়ে ২৪ জনকে পুশইন করে বিএসএফ। খবর পেয়ে বিজিবি তাদের আটক করে।
আটককৃতরা জানান, তারা সকলে ভারতের গুজরাটের বাসিন্দা। তাদের এক কাপড়ে আটক করে বিমানে করে ভারতের দক্ষিণ ত্রিপুরা রাজ্যে আনা হয়। তারপর বুধবার ভোর রাতে সীমান্তে এনে বাংলাদেশে জোর করে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, ফজরের নামাজের পর ভারতীয়রা বাংলাদেশে অনুপ্রবেশ করে। যারা সকলেই ছিলেন ক্ষুধার্ত। এ কারণে তারা অনুপ্রবেশকারীদের খাবারের ব্যবস্থা করেন।
খাগড়াছড়ির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানা বলেন, খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকারী ৬৬ ভারতীয় নাগরিককে বিজিবি আটক করেছে। বর্তমানে তারা বিজিবি'র তত্ত্বাবধানে রয়েছে। এ নিয়ে সীমান্তে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
সীমান্ত সূত্রে জানা গেছে, বর্তমানে আরও অন্তত ১৭ গাড়ি ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করার জন্য জড়ো করেছে বিএসএফ। এদের সংখ্যা প্রায় ৫ শতাধিক। যারা বর্তমানে দক্ষিণ ত্রিপুরায় বিএসএফ এর হেফজাতে রয়েছে।
স্বদেশ প্রতিদিন/ এসকে