প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ৪:৩৩ পিএম আপডেট: ০৭.০৫.২০২৫ ৫:৪৬ PM

ভারত-পাকিস্তান যখন পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত। তখন নিজেদের কণ্ঠকে প্রতিবাদে সরব না করাকে যেন অপরাধের শামিল মনে করছেন দুই দেশের শোবিজ অঙ্গনের তারকারা।
বুধবার(৭ মে) ভোরে পাকিস্তানের আজাদ কাশ্মীর ও অন্যান্য জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে শিশুসহ ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নয়াদিল্লি এই হামলার নাম দিয়েছে ‘অপারেশন সিঁদুর’ ।
পাকিস্তানের তারকারা এই হামলার তীব্র নিন্দা জানালেও হামলা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বলিউড তারকারা।
প্রথমত, ভারতের এ হামলাকে ‘কাপুরুষতা’ হিসেবে চিহ্নিত করেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান ও হানিয়া আমির।
লেখিকা ফাতিমা ভুট্টোর ভারতকে নিয়ে করা সমালোচনামূলক একটি টুইট আবার শেয়ার করে মাহিরা লেখেন, ‘কাপুরুষ!!! আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুন, বিবেক জাগ্রত হোক। আমিন।’
আর অভিনেত্রী হানিয়া আমির তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি মাত্র শব্দে ভারতের এই হামলার প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, ‘কাপুরুষোচিত।’ ঘুমন্ত মানুষের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই কাম্য নয় বলে ক্ষোভ ঝেড়েছেন এই অভিনেত্রী।
অন্যদিকে অভিনেতা অনুপম খের, রিতেশ দেশমুখ, মধুর ভান্ডারকর, নির্মাতা বিবেক অগ্নিহোত্রী প্রমুখ তারকারা ‘অপারেশন সিঁদুর’ লিখে গর্ব প্রকাশ করেছেন।
রিতেশ দেশমুখ লিখেছেন, ‘অপারেশন সিঁদুরের জন্য ভারতীয় সেনাদের স্যালুট। আমাদের সাহসী জওয়ানদের প্রতি শ্রদ্ধা।’
আর মধুর ভান্ডারকর লিখেছেন, ‘সেনাবাহিনী আমাদের গর্ব। অপারেশন সিঁদুর প্রমাণ করে, ভারত যেকোনো রকম হুমকির জবাব দিতে প্রস্তুত।
দুই দেশের তারকাদের পোস্টেই অনুরাগীদের মন্তব্যে দেখা গেছে ক্ষোভের আগুন। অধিকাংশ নেটিজেন ভারতকে পাল্টা আক্রমণের কথা বললেও কেউ কেউ বলছেন, যুদ্ধ নয় শান্তি চায় সাধারণ মানুষ। মৃত্যুর মিছিল আর দেখতে চায় না কেউ।
স্বদেশ প্রতিদিন/এসকে