প্রকাশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৯:৩৭ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অল্প কিছু দিনের মধ্যে দেশে আসতে পারেন।
তিনি বলেন, সেইদিন বেশি দূরে নয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে এসে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্ব দেবেন।
আজ মঙ্গলবার দুপুরে খালেদা জিয়া লন্ডন থেকে গুলশানের বাসায় ফেরার পর সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. জাহিদ এ কথা বলেন।
ডা. জাহিদ বলেন, 'যেই নেতৃত্ব তারেক রহমান ব্রিটেনে বসে দিচ্ছেন, শুধু বিএনপি নয় তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্ব দেবেন। অল্প কিছু দিনের মধ্যে হয়তো সেই পরিবেশ সৃষ্টি হয়ে যাবে এবং তিনি আসবেন।'
তিনি আরও বলেন, জোবায়দা রহমান দেশে ফিরেছেন, এটা তার দেশ। তারা ফিরবেন এটাই স্বাভাবিক, দীর্ঘদিন আসতে দেওয়া হয়নি। সময় বলে দেবে, তিনি কতদিন থাকবেন। তবে স্বাভাবিকভাবেই তার স্বামী, কন্যা দেশের বাইরে। আবার কয়েকদিনের মধ্যেই হয়তো ফিরে যাবেন।
ডা. জাহিদ আরও বলেন, ১৭ বছর নির্বাসনে থাকতে হয়েছে, অতি দ্রুত তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করবেন। জাতির প্রয়োজনে খালেদা জিয়া নেতৃত্ব দেবেন।
তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্ব আরও সুদৃঢ় হবে। দেশের মানুষ গণতন্ত্র পাবে। জনগণের অধিকার আদায় হবে এবং দেশের মাটিতে সব অন্যায়-অবিচারের বিচার হবে।
স্বদেশ প্রতিদিন/এনআর