প্রকাশ: সোমবার, ৫ মে, ২০২৫, ৮:৩৩ পিএম আপডেট: ০৫.০৫.২০২৫ ৮:৩৬ PM

রাজধানীর শান্তিনগরের বেইলি রোডে অবস্থিত ‘ক্যাপিটাল সিরাজ সেন্টার’ নামের একটি শপিং মলের বেজমেন্টে লাগা আগুন ফায়ার সার্ভিসের দীর্ঘ প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ঘটনাস্থল থেকে নারী, পুরুষ ও শিশুসহ মোট ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। এক ঘণ্টারও কম সময়ের মধ্যে, সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা শাজাহান শিকদার বলেন, আগুন ভবনের বেজমেন্টে লাগেছিল। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট দ্রুত কাজ শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে মোট ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ৯ জন নারী, ৭ জন পুরুষ এবং ২ জন শিশু রয়েছে।
তাৎক্ষণিকভাবে আগুনে কেউ হতাহত হয়েছেন কি না, তা জানা যায়নি। আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা যাচাই করা হচ্ছে এবং প্রাথমিক তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
এ ঘটনায় এলাকাবাসী ও ব্যবসায়ী মহলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এনআর