
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। তবে এবার ফল প্রকাশের পর এক ব্যতিক্রমী ঘটনা সামনে এসেছে- ৪০ নম্বরের বেশি, এমনকি ৬১.৫০ নম্বর পেয়েও ফেল করেছেন প্রায় পৌনে তিন হাজার শিক্ষার্থী! এতে করে অনেক পরীক্ষার্থী ও অভিভাবক বিভ্রান্তিতে পড়েছেন।
আজ শনিবার (০৩ মে) সকালে প্রকাশিত ফলাফলে দেখা যায়, ‘সি’ ইউনিটে উত্তীর্ণ হতে গেলে শুধুমাত্র ৪০ নম্বর পেলেই হয় না, বরং কিছু বিশেষ শর্ত পূরণ করতে হয়।
এই বিষয়ে ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক মো. গোলাম মর্তুজা বলেন, ‘এটা নতুন কিছু নয়, গতবারও এমনটা হয়েছিল। পাশের জন্য মোট ৪০ নম্বর থাকতে হবে- এটি ঠিক, তবে এর সঙ্গে আরও দুটি শর্ত রয়েছে। আবশ্যক বিষয়ে কমপক্ষে ২৫ এবং ঐচ্ছিক বিষয়ে কমপক্ষে ১০ নম্বর পেতে হবে। এই তিনটি শর্ত পূরণ না হলে, মোট নম্বর যতই হোক না কেন, পরীক্ষার্থী ফেল বলে বিবেচিত হবে।’
তিনি আরও জানান, ‘এই শর্তগুলো আবেদন করার সময় ও অফিসিয়াল নোটিশে স্পষ্টভাবে জানানো হয়েছিল।’
গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত হয় ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এতে তিনটি গ্রুপে অংশ নেয় ৮২ হাজারের বেশি পরীক্ষার্থী। আজ সকাল সাড়ে ১১টায় ফলাফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল দুই শিফটে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ (৩ মে) সকাল সাড়ে ১১টায় ফলাফল প্রকাশিত হয়। এতে গ্রুপ-১ (বিজ্ঞান)-এর ৪৮ হাজার ১১০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৯ হাজার ৭৬৩ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৭ হাজার ৫০১ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাশের শতকরা হার ৪৪.০১ এবং প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৯।
এই ইউনিটের গ্রুপ-২ (বিজ্ঞান)-এর ৪৮ হাজার ১০৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০ হাজার ৮৮ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৩ হাজার ৯৩ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাশের শতকরা হার ৩২.৬৬ এবং প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৪.৫০।
এই ইউনিটের গ্রুপ-৩ (অ-বিজ্ঞান)-এর ২ হাজার ৬০২ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ১১৯ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১ হাজার ৭৩৭ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাশের শতকরা হার ৮১.৯৭ এবং প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮০।
এই ব্যতিক্রমী ফলাফল নিয়ে ইতোমধ্যে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, পরীক্ষার নিয়ম অনুযায়ী ফলাফল মূল্যায়ন করা হয়েছে এবং এতে বিভ্রান্তির কিছু নেই।
স্বদেশ প্রতিদিন/এমএম