প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৫:৪৫ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চুরি হওয়া বিদ্যুতের ক্যাবলের ভিতরে থাকা তামার তারসহ আন্তঃবিভাগ চোর চক্রের সক্রিয় এক সদস্যকে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন এলাকাবাসী।
চুরির সম্পদসহ আটক হওয়া ব্যক্তি সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের পূর্ব সনমান্দী গ্রামের জাকারিয়া হোসেনের বড় ছেলে, নাম ইউছুব।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান।
এঘটনায় সনমান্দী ইউনিয়নে বাসিন্দা মনির হোসেন নামে এক ব্যক্তি বাদি হয়ে ৩ জনের নামে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার (৩০ এপ্রিল) চোরকে আদালতে প্রেরণ করেন সোনারগাঁ থানা পুলিশ।
স্থানীয়রা জানান, এই ধরণের ঘটনা এলাকায় অনেকদিন ধরে ঘটতেছিল। এতে এলাকাবাসী নিজেদের সম্পদের নিরাপত্তাহীনতার আশঙ্কা করছিলেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ তারিখ আনুমানিক রাত ৪ ঘটিকার সময় ইউসুফসহ পাঁচ ছয় জন চোর পঞ্চবটি চক এলাকায় মনির হোসেনের মালিকাধীন ইরি ধানের স্কিমে থাকা বৈদ্যুতিক খুঁটি থেকে ৩০০গজ বৈদ্যুতিক ক্যাবল চুরি করে। যার মূল্য প্রায় ৩০ হাজার টাকা। পরে জব্দকৃত বৈদ্যুতিক ক্যাবলের তামাসহ আসামিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
পুলিশ জানায়, চোর চক্রের মূল হোতা ইউছুব নিজে বৈদ্যুতিক ক্যাবল চুরি কথা স্থানীয় এলাকাবাসীর সামনে এবং পুলিশের কাছে স্বীকার করেছেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, ‘চুরি হওয়া বৈদ্যুতিক ক্যাবলের তামার তারসহ স্থানীয় এলাকাবাসী চোরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম