প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৩:৫১ পিএম আপডেট: ২৮.০৪.২০২৫ ৪:২৮ PM

কুমিল্লার বরুড়া ও মুরাদনগর উপজেলায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু ও ১জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে দুই স্কুলছাত্রও রয়েছেন।
সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুরের মধ্যে পৃথক দুই ঘটনায় এ প্রাণহানি ঘটে। স্থানীয় থানা পুলিশের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার কোরবানপুর পূর্ব পাড়া এলাকায় সকাল সাড়ে ১০ টার দিকে ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়। নিহত কৃষকরা হলেন, দেওড়া গ্রামের জসিম উদ্দিন ভূইয়া ও কোরবানপুর গ্রামের নিখিল দেবনাথ। বজ্রপাতের শিকারে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান।
এছাড়া, বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের পয়ালগুচ্ছ গ্রামে বজ্রপাতে ২ স্কুলছাত্রের মৃত্যু ঘটনা ঘটেছে। নিহত স্কুল ছাত্ররা হলেন, ফাহাদ হোসেন (১৩) ও সায়মন হোসেন। নিহতা শিক্ষার্থীরা বড় হরিপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিলেন। হালকা মেঘলা আবহাওয়ায় তারা মাঠে ঘুড়ি ওড়াচ্ছিলেন, এমন সময় আকস্মিক বজ্রপাতে তারা মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় স্থানীয় এলাকাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আহত এক যুবক চিকিৎসাধীন রয়েছেন।
স্বদেশ প্রতিদিন/এমএম