প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১০:৫৬ AM

কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার ঘটনা নিয়ে যুদ্ধের খুব কাছাকাছি পৌঁছে গেছে দক্ষিণ এশিয়ার চিরবৈরী দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান। শুক্রবারও রাতভর সীমান্তে উভয় দেশের সৈন্যরা দফায় দফায় গুলিবিনিময় করে। এমন পরিস্থিতিতে উভয় প্রান্তের কাশ্মীরের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন।
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী গ্রাম আরএস পুরাতে যুদ্ধের শঙ্কায় সামরিক বাংকার পরিষ্কার করছেন স্থানীয় বাসিন্দারা।
সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে স্থানীয় বাসিন্দা বালবীর কৌর বলেন, 'আমরা সীমান্ত এলাকার বাসিন্দা। ভারতে যাই ঘটুক না কেন, তার প্রভাব আগে এসে পড়ে আমাদের ওপর। তাই আমরা আগে থেকেই প্রস্তুতি নিচ্ছি, যাতে কিছু ঘটলে সরকারের চিন্তা না করতে হয় আমাদের নিরাপত্তা নিয়ে। আমরা চাই না, আমাদের কারণে সরকার যেন অতিরিক্ত চাপ অনুভব করে।'
এদিকে, শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত টানা দ্বিতীয় দিনের মতো ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে সীমান্তে গোলাগুলি বিনিময়ের ঘটনা ঘটে। সীমান্তজুড়ে বাড়ছে সামরিক তৎপরতা ও জনমনে উৎকণ্ঠা।
স্থানীয়দের দাবি, অতীতে এমন উত্তেজনার সময় তারা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, তাই এবার আগাম প্রস্তুতি নিচ্ছেন যেন প্রাণহানি বা ক্ষয়ক্ষতি এড়ানো যায়।
সূত্র: আলজাজিরা
স্বদেশ প্রতিদিনকে/কেএইচ