প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৯:৩৮ পিএম আপডেট: ২৬.০৪.২০২৫ ১২:৫৬ এএম

গণহত্যাকারী দল আওয়ামী লীগের জন্য বৃথা মায়াকান্না করে লাভ নেই, আগামী ৪০ বছরেও তারা আর রাজনীতিতে ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন ইকবাল হাসান মাহমুদ টুকু।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকালে সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা মাঠে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনি বলেন, আওয়ামী লীগ হচ্ছে লুটেরা দুর্নীতিবাজ, অসভ্যদের দল। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতন হয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের। পালিয়ে যাওয়ার জন্য নিকৃষ্ট স্বৈরশাসক শেখ হাসিনা সময় পায়নি চল্লিশ মিনিটও। যে দলের নেতা জনরোষ থেকে বাঁচতে আত্নগোপনে চলে যায়, সেই গণহত্যাকারী পলায়নকারী দল আওয়ামী লীগের জন্য বৃথা মায়াকান্না করে কোন লাভ নেই। আগামী ৪০ বছরেও তারা আর রাজনীতিতে ফিরে আসতে পারবে না।
টুকু আরো বলেন, আল্লাহ তায়ালার বিচারই শেষ বিচার। বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছিল। তিনি সুস্থ শরীরে পায়ে হেটে জেল গিয়েছিলেন। তাকে করা হয়েছিল অমানবিক নির্যাতন ও নিপীড়ন। ৫ আগষ্টের পর পরিস্থিতির পরিবর্তন হয়েছে। এখন আর আপনাদের কোন ভয় নেই। আগামীতে নির্বাচনে আপনারা নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।
এছাড়াও জনসভায় প্রধান বক্তা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, বিএনপি দেশের জন্য, গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতি করে।
জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খান আলিম।
কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সেলিম রেজার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রবিউল হাসানের যৌথ পরিচালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনপ্রিয় কন্ঠ শিল্পী রুমানা মোরশেদ কনকচাঁপা ও জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা। আরো উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
স্বদেশ প্রতিদিন/আইজেপি