প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ১১:৪৬ পিএম আপডেট: ২৩.০৪.২০২৫ ১১:৫০ PM

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি
কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক সিন্ধু পানিবণ্টন চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে ভারত। একই সঙ্গে পাঞ্জাব সীমান্তে আটারি চেকপোস্ট অবিলম্বে বন্ধের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) এক বিশেষ সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এ সিদ্ধান্তগুলোর কথা জানান। তিনি বলেন, "ভারতের নিরাপত্তা ও সার্বভৌমত্বে হস্তক্ষেপ সহ্য করা হবে না। এই পদক্ষেপগুলো দেশের স্বার্থেই নেওয়া হয়েছে।"
এদিকে সার্ক ভিসায় ভারতে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ভবিষ্যতে সার্ক ভিসায় কোনো পাকিস্তানি নাগরিক ভারতে প্রবেশ করতে পারবে না বলেও জানানো হয়।
অন্যদিকে দিল্লিতে পাকিস্তানি দূতাবাসে কর্মরত সেনা, নৌ ও বিমানবাহিনীর পাঁচজন পরামর্শদাতাকে 'পার্সোনা নন গ্রাটা' ঘোষণা করেছে ভারত। তাদের এক সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে। পাল্টা পদক্ষেপ হিসেবে ইসলামাবাদে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকেও সামরিক পরামর্শদাতাদের ফিরিয়ে নেওয়া হবে।
ভারতের নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ কমিটি—ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি (CCS)—প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে জরুরি বৈঠক করে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেয়। সূত্র জানায়, দেশের নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্কের বিষয়টি মাথায় রেখেই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই পদক্ষেপের ফলে ভারত-পাকিস্তান সম্পর্ক নতুন করে উত্তেজনার মুখে পড়েছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকেরা মনে করছেন।
সূত্র: বিবিসি
স্বদেশ প্রতিদিন/এনআর