প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮:৩৩ পিএম আপডেট: ২১.০৪.২০২৫ ৮:৪৪ PM

ময়মনসিংহের ভালুকায় যৌথবাহিনীর অভিযানে একটি যাত্রীবাহী বাস থেকে মানুষের কঙ্কাল ও অবৈধ দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রবিবার (২০ এপ্রিল) গভীর রাতে ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ তল্লাশি চালানো হয়। অভিযান পরিচালনা করে ভরাডোবা হাইওয়ে থানার পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী (ভালুকা ক্যাম্প)।
সেনাবাহিনীর সূত্র জানায়, রাত ১ টার দিকে সন্দেহজনকভাবে চলা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস (ময়মনসিংহ ব-১১-০১৫০) তল্লাশি করা হয়। এসময় বাসে থাকা একটি ব্যাগ থেকে মানুষের কঙ্কাল এবং দেশীয় তৈরি অবৈধ মদ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, ময়মনসিংহ সদরের সুতিয়াখালী গ্রামের মৃত তোতার আলীর ছেলে মো. ফারুক হোসেন (৪৮) একই উপজেলার চরখালি বাড়ীর মৃত ইদ্রিস আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (৪৫) ও শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার খাটিয়াকুড়া গ্রামের আলমগীর হোসেন (২৪)।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ‘চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে সন্দেহজনক ব্যাগ থেকে মানুষের কঙ্কাল ও মদ উদ্ধার করা হয়। আটককৃতদেরকে ভালুকা মডেল থানা পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। বাসটিও থানায় আটক রাখা হয়েছে। এবিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।’
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং কঙ্কালের উৎস সম্পর্কে তদন্ত চলছে বলে জানা গেছে।
স্বদেশ প্রতিদিন/এমএম