প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৬:৪৯ পিএম

ঢাকাই সিনেমার আলোচিত প্রযোজক ও পরিচালক এমডি ইকবালকে ফোনে গলা কেটে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি জানিয়েছেন, গত কয়েক দিন ধরে বিভিন্ন সময়ে অন্তত ১৫টি ভিন্ন নম্বর থেকে তাকে এই হুমকি দেওয়া হচ্ছে।
এমডি ইকবাল বলেন, 'বরবাদ সিনেমা নিয়ে মন্তব্য করার জেরে আমাকে গলা কেটে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। মাদক আর ভায়োলেন্সের ভরপুর ‘বরবাদ’ সিনেমা কীভাবে সেন্সর পায় সেটা নিয়ে আমি কথা বলেছি। এছাড়া সিনেমার আয় নিয়ে যে মিথ্যাচার চলছে সেটা নিয়ে কথায় বলায় আমাকে বারবার মোবাইল ফোনে হুমকি দেওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘ফোনদাতারা আমাকে গণমাধ্যমে সাক্ষাৎকার না দিতেও হুঁশিয়ারি দিয়েছে। ওরা কী মনে করেছে আমি কী বানের জলে ভেসে এসেছি। শিগগির আমি থানায় গিয়ে ওদের বিরুদ্ধে অভিযোগ জানাব। আমার ব্যক্তিস্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারবে না। আমি সিনেমার মানুষ। কোন সিনেমা কতটা ব্যবসা করে তা আমার ভালোই জানা আছে। আমাকে এসব হুমকি দিয়ে লাভ নাই।’
‘কিল হিম’ সিনেমার এই নির্মাতা জানান, আইনি সহায়তার জন্য তিনি সব প্রস্তুতি নিয়েছেন এবং দু-একদিনের মধ্যেই পুলিশ ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেছেন। তার ভাষ্য, ‘দেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আমার ভরসা আছে।’
প্রসঙ্গত, একসময় জনপ্রিয় নায়ক শাকিব খানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে ইকবালকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখা যেত। শাকিবের ব্যক্তিগত জীবনের কঠিন সময়গুলোতেও তার পাশে ছিলেন ইকবাল। তবে হঠাৎ করেই তাদের বন্ধুত্বে ছেদ পড়ে।
স্বদেশ প্রতিদিন/এএএম