প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৯:১২ পিএম

বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ।
বুধবার (১৬ এপ্রিল) বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের সদস্যরা। এ সময় প্রধান উপদেষ্টা এ কথা বলেন।
এ বিষয়ে ড. ইউনূস বলেন, তদন্ত কমিশনকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। নৃশংসভাবে নিজেদের অফিসারদেরই মেরেছিল তারা। মসৃণভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। পুরো জাতি তদন্ত কমিশনের দিকে তাকিয়ে আছে এই রহস্য উদঘাটনের জন্য।
তিনি আরো বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে তাদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। এছাড়াও তদন্তের জন্য যোগাযোগ করা প্রয়োজন এমন ২৩ জন বিদেশে অবস্থান করছেন। তার মধ্যে ৮ জনকে সাক্ষাৎকারের জন্য যোগাযোগ করা হয়েছে।
হত্যাকাণ্ড ও নির্যাতনের প্যাটার্ন নিয়ে তদন্ত করছেন বলে জানান কমিশন প্রধান। তিনি বলেন, ডিজিকে হত্যার পর বাকিদের হত্যা করা হয়েছিল। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা না হলে পরিকল্পনা ছাড়া এমন হত্যাকাণ্ড হতে পারে না।
কমিশনের সদস্য মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, এমন জঘন্য হত্যাকাণ্ডের ঘটনায় একজন কর্মকর্তা-কর্মচারীকেও সরানো হয়নি। কাউকে দায়ী করা হয়নি। এটি গোয়েন্দা সংস্থা, সামরিক বাহিনী এবং রাজনৈতিক ব্যর্থতা।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান, মুন্সী আলাউদ্দিন আল আজাদ, ড. এম আকবর আলী, মো. শরীফুল ইসলাম, শাহনেওয়াজ খান চন্দন, এ টি কে এম ইকবাল।
স্বদেশ প্রতিদিন/আইজেপি