প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৯:১১ পিএম

কিশোরগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অটোরিকশার চাপায় এক কলেজছাত্রী ও পাগলা মসজিদ মক্তবের শিক্ষক, জেলা প্রশাসকের বাংলো মসজিদের মসজিদের ইমামের মর্মান্তিক মৃত্যু হয়েছে। কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন, পৃথক এই দুটি সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) শহরের শোলাকিয়া ও সদর হাসপাতাল এলাকায় পৃথক এ দুটি ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে শহরের শোলাকিয়া বনানী মোড় এলাকায় বাড়ির সামনে দাড়িয়ে ছিলেন কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী উর্মী শিখা (১৯)। এ সময় একটি অটোরিক্সা তাকে সজোরে ধাক্কা দিলে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে চাপ লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জানা যায়, নিহত কলেজ ছাত্রী উর্মী জেলা শহরের শোলাকিয়া বনানী মোড় এলাকার মাছ ব্যবসায়ী মো. মহরম আলীর মেয়ে।
অপরদিকে দুপুর সাড়ে ১২ টার দিকে কিশোরগঞ্জ সদর হাসপাতালের সামনে পায়ে হেটে রাস্তা পার হচ্ছিলেন পাগলা মসজিদ মক্তবের শিক্ষক ও জেলা প্রশাসকের ডাকবাংলো মসজিদের ইমাম মাওলানা আলী আকবর (৬০)। এ সময় দ্রুতগামী একটি অটোরিকক্সা তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যা জেনারেল হাসপতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, নিহত মাওলানা আলী আকবর ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার দিলালপুর গ্রামের বাসিন্দা। তিনি শহরের গাইটাল এলাকায় থাকতেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন পৃথক দুটি সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ইমামকে ধাক্কা দিয়ে অটোরিক্সাটি পালিয়ে গেলেও কলেজ ছাত্রীকে চাপা দেয়া অটোরিক্সাটি আটক করা হয়েছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম