প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৬:৩৯ পিএম

পাকিস্তানে চলমান নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ। টানা দুই ম্যাচ জিতে বাংলাদেশের ছন্দে থাকার মূল কারিগরা হলেন নিগার সুলতানা জ্যোতি, শারমিন আক্তার সুপ্তা ও রাবেয়া খানসহ আরো অনেকে।
ব্যাটে-বলে পারফরম্যান্স করা সেই সব কারিগরা মঙ্গলবার (১৫ এপ্রিল) সুখবর পেয়েছেন আইসিসির কাছ থেকে। ভালো খেলার স্বীকৃতি হিসেবে র্যাংকিংয়ে উন্নতি হয়েছে তাদের। অনেকে ক্যারিয়ারসেরা রেটিংও অর্জন করেছেন।
ব্যাটারদের র্যাংকিংয়ে ১৬ ধাপ এগিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। থাইল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকানোর পর আয়ারল্যান্ডের বিপক্ষ ৫১ রান করা বাংলাদেশি এই অধিনায়কের বর্তমান অবস্থান ১৭ নম্বরে। যা তার ক্যারিয়ারে সর্বোচ্চ।
জ্যোতির সেঞ্চুরির দিনে থাইল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৯৪ রান করা ২৯ নম্বরে আছেন ক্যারিয়ারসেরা শারমিন। তার উন্নতি হয়েছে ১১ ধাপ। অন্যদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় এনে দেওয়া রিতু মনি (৬৭*) ১৬ ধাপ এগিয়ে ৮৮ নম্বরে আছেন। সব মিলিয়ে ব্যাটারদের র্যাংকিংয়ে শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্ট।
এছাড়াও বোলারদের র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অর্জন রাবেয়ার। ৭ ধাপ এগিয়ে এই লেগ স্পিনার আছেন ২৩ নম্বরে। আরেক লেগ স্পিনার ফাহিমা খাতুন তিন ধাপ এগিয়ে আছেন ৪৮ নম্বরে। উন্নতি হয়েছে পেসার মারুফা আক্তারেরও। ছয় ধাপ এগিয়ে ৬০ নম্বরে আছেন তিনি।
এই বিভাগে শীর্ষে আছেন ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার সোফি একলেস্টোন। অন্যদিকে অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার।
স্বদেশ প্রতিদিন/আইজেপি