প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৫:২৬ পিএম আপডেট: ১৫.০৪.২০২৫ ৫:৩০ PM

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া জনতা ব্যাংক পিএলসির কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে সূচিপাড়া বাজারে আপন প্লাজা (আব্দুর জব্বারের বিল্ডিং) ভবনের পঞ্চম তলায় ১৫ নম্বর কক্ষ থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এসব তথ্য নিশ্চিত করেছেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার।
জানা যায় ওই কর্মকর্তা নাম রাকিব হাসান (২৮)। তিনি শরীয়তপুর জেলার জাজিরা থানার পাঁচুখার কান্দি এলাকার সিরাজ সরদারের ছেলে। নিহত রাকিব জনতা ব্যাংক পিএলসি শাহরাস্তি সূচিপাড়া বাজার শাখার সিনিয়র অফিসার এবং আপন প্লাজা (আব্দুর জব্বারের বিল্ডিং) ভবনের পঞ্চম তলায় ১৫ নম্বর কক্ষে ভাড়া থাকতেন।
নিহত রাকিব হাসানের সহপাঠি নাজিম উদ্দীন এর বরাত দিয়ে পুলিশ জানায়, রাকিব সোমবার (১৪ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১ টা পর্যন্ত তার সাথে স্বাভাবিক কথাবার্তা শেষে স্ব-স্ব রুমে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। সকাল ৮ টার দিকে তার কক্ষের দরজা বন্ধ পাওয়ায় তাকে অনেক ডাকাডাকি করে তার সহকর্মী। দরজা না খোলায় সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তা শাহরাস্তি থানায় সংবাদ দেয়া হয়।
সংবাদ পেয়ে শাহরাস্তি থানার ওসি, উপ-পরিদর্শক (এসআই) আইয়ুব খান এবং ফায়ার সার্ভিসের সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে কক্ষের দরজা ভেঙে ফ্যানের সিলিং রডের সাথে নিহত রাকিব হাসানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, ‘এই ঘটনায় স্থানীয় জনসাধারণ এবং জনতা ব্যাংক সূচিপাড়া শাখার সদস্যদের মধ্যে সন্দেহ ক্ষোভ বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, নজরদারি অব্যাহত রয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
উল্লেখ্য, এর আগে সোমবার (১৪ এপ্রিল) সকালে ব্যাংক ব্যবস্থাপক কার্তিক চন্দ্র ঘোষ একই ব্যাংকের সিনিয়র অফিসার জাবেদ হোসেনকে গ্রাহকের ৮৪ লাখ ৬৭ হাজার ৮ শত ১৪ টাকা আত্মসাতের ঘটনায় শাহরাস্তি থানা পুলিশ আটক করে। পরে দুপুরে তাকে চাঁদপুর আদালতে সোপর্দ করে।
স্বদেশ প্রতিদিন/এমএম