প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৪:১১ পিএম আপডেট: ১৪.০৪.২০২৫ ৪:১২ PM

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ছয়চিরী দিঘীর পাড়ে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা শুরু হয়েছে। দুইশত বছরের অধিক সময় ধরে অনুষ্ঠিত এ চড়ক পূজাকে কেন্দ্র করে ছয়চিরিসহ আশেপাশের এলাকার মানুষের মধ্যে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
২ দিনব্যাপী এ চড়ক পূজা ও মেলা শেষ হবে আগামীকাল মঙ্গলবার। ঐতিহ্যবাহী এই চড়ক উৎসব দেখতে দেশের প্রত্যন্ত এলাকা থেকে হাজার হাজার মানুষের ঢল নেমেছে।
জানা যায়, চড়ক পূজা শুরুর ১০/১২ দিন আগে থেকে বিভিন্ন এলাকার পূজারীদের মধ্যে ৪০/৫০ জন সন্ন্যাস ধর্মে দীক্ষিত হয়ে বাড়ি বাড়ি গিয়ে শিব-গৌরীসহ নৃত্যগীত সহকারে ভিক্ষায় অংশ নেন। এ কদিন তারা পবিত্রতার সহিত সন্যাস ব্রত পালন করেন। এসময় তারা নিরামিষ ভোজনসহ সারাদিন উপবাস পালন করেন। চড়ক পূজার ২ দিন আগে পূজারীরা শ্মশানে গিয়ে পূজা অর্চনা করেন ও শেষে গৌরীর বিয়ে, গৌরী নাচ ও বিভিন্ন গান গেয়ে এবং ঢাকের বাজনায় সরগরম করেন গোটা এলাকা।
কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ বলেন, ঐতিহ্যবাহী ছয়চিরি দিঘীর পাড়ে চড়ক পূজা ও মেলা সিলেট বিভাগের মধ্যে এতবড় আয়োজন আর আমার জানামতে নেই। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষের ঢল নামে। এবারও তার ব্যতিক্রম হয়নি।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শামীম আকনজী জানান, চড়ক পূজা ও মেলা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে পুলিশের পাশাপাশি বিভিন্ন আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী কাজ করবে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর বলেন, চড়ক পূজা ও মেলায় যাতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে প্রশাসন তৎপর রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এনআর