প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৩:৫৫ পিএম

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, এবারের শোভাযাত্রা রাজনৈতিক নয়। তবে ঐতিহাসিকভাবে একটি নির্দিষ্ট রাজনৈতিক গ্রুপ এটিকে তাদের প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য রাজনৈতিকভাবে ব্যবহার করেছে।
সোমবার (১৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় অংশ নিতে এসে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, এবার শুধু ফ্যাসিস্টের মুখাবয়ব ব্যবহার করা হয়েছে। ফ্যাসিস্ট কোনো রাজনীতির অংশ নয়। ফ্যাসিস্ট সবচেয়ে বড় অশুভ শক্তি। তবে হ্যাঁ, আরেক দৃষ্টিকোণে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা বাংলাদেশের আপামর জনতার মহামিলনমেলার এক মাধ্যম। এখানে মুঘল থেকে সুলতানি আমল কিংবা বর্তমান আবহ সবকিছু উপস্থিত। গতানুগতিক সংকীর্ণ রাজনৈতিক মনোভাব নেই এখানে।
সংস্কৃতি উপদেষ্টা আরো বলেন, পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ বাংলাদেশের সাংস্কৃতিক ঐক্য ও মেলবন্ধনের বড় একটি ধাপ। এটি শুধু বাঙালিরই নয়, বাংলাদেশে বাস করা অন্যান্য জাতিগোষ্ঠি চাকমা, মারমা, গারোসহ সবার উৎসব। এবার থেকে আমরা একে জাতীয়ভাবে পালন করা শুরু করলাম।
ঢাকায় ‘আনন্দ শোভাযাত্রা’ নামকরণের বিষয়ে তিনি বলেন, যশোরে প্রথমে এটিকে ‘বর্ষবরণ শোভাযাত্রা’ নামকরণ করা হয়। এরপর পুনরায় সেটিকে ‘মঙ্গল শোভাযাত্রা’ করা হয়। এবার চারুকলা সিদ্ধান্ত নিয়েছে যে নামে এটির উৎপত্তি হয়েছিল, তারা সেই পুরোনো নামে ফিরে যাবে।
পরে, তিনি যোগ দেন বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায়। ফ্যাসিস্টের মুখাকৃতি ছাড়াও নানান শিল্পকর্মের মাধ্যমে শুরু হয় এ শোভাযাত্রা। এবারের আনন্দ শোভাযাত্রার প্রতিপাদ্য ছিলো ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’।
স্বদেশ প্রতিদিন/আইজেপি