প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ১:১১ AM আপডেট: ১৪.০৪.২০২৫ ১:১২ এএম

হাতিরঝিলে পহেলা বৈশাখ ১৪৩২ উদ্যাপনের লক্ষ্যে দুই দিনব্যাপী বর্ণাঢ্য বৈশাখী মেলার প্রথম দিনের কার্যক্রম পরিদর্শন করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।
রোববার (১৩ এপ্রিল) রাতে হাতিরঝিল এম্ফিথিয়েটার ও সংলগ্ন এলাকা পরিদর্শন করেন তিনি।
বাংলা নববর্ষের প্রথম দিনকে সাদরে বরণ করে নেওয়ার জন্য ও বাঙালি জাতির প্রাণের এই উৎসবকে রাজধানীবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য এ বছর নানা আয়োজন করেছে রাজউক।
পুরোনো বছরকে বিদায় জানাতে এবং নতুন বছরকে বরণ করে নিতে ব্রেইনথিওরি নামক প্রতিষ্ঠানের সহযোগিতায় রাজউকের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে দুই দিনব্যাপী এই চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণ উৎসব। রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রোববার সন্ধ্যায় মেলাপ্রাঙ্গণ পরিদর্শন করেন এবং এই আয়োজনকে উৎসবমুখর করে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
বর্ষবরণের এই উৎসব আয়োজনে হাতিরঝিলের এম্ফিথিয়েটার এলাকায় থাকছে ঐতিহ্যবাহী খাবার ও নানাবিধ জিনিসের বিভিন্ন স্টল, শিশু-কিশোরদের চিত্তবিনোদনের জন্য কিডস জোনসহ বিভিন্ন চিত্তাকর্ষক রাইড, যার মধ্যে রয়েছে নাগরদোলা, মেরি গো রাউন্ড, লম্ফ জম্ফ ইত্যাদি। এ ছাড়াও থাকছে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সকলের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
স্বদেশ প্রতিদিন/এনআর