
পহেলা বৈশাখ-শুধু ক্যালেন্ডারের একটি তারিখ নয়, এটি বাঙালির সংস্কৃতি, আবেগ ও আত্মপরিচয়ের প্রতীক। নতুন বছরকে বরণ করে নিতে শহর থেকে গ্রামে-সর্বত্রই চলে নানা আয়োজন, আর তার অন্যতম উপাদান হয়ে উঠেছে একটি খাবার-পান্তা-ইলিশ। তবে প্রশ্ন হচ্ছে, এই পান্তা কেবল উৎসবের স্মারক, নাকি একটি স্বাস্থ্যসম্মত খাবার?
পান্তা মানেই ঐতিহ্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক নিরঞ্জন অধিকারী বলেন, ‘গ্রামীণ কৃষকরা বহু যুগ ধরে সকালে পান্তা খেয়ে মাঠে যেতেন। নববর্ষের দিনেও তারা ভাতের পানিকে, যাকে তারা আমানি বলত। পান্তাকে শক্তিবর্ধক হিসেবে গ্রহণ করতেন।’
অর্থাৎ, নববর্ষে পান্তা খাওয়ার ঐতিহ্য শুরু হয়েছে প্রাচীন কৃষিভিত্তিক সমাজে। তবে ইলিশ তখন ছিল ব্যয়সাপেক্ষ খাবার, যা সবার নাগালের বাইরে ছিল। সেই অর্থে পান্তা ছিল দৈনন্দিন খাবার, আর ইলিশ যোগ হয়েছে অনেক পরে।
বাংলা একাডেমির প্রাক্তন মহাপরিচালক ড. শামসুজ্জামান খান-এর মতে, ‘নববর্ষ উদযাপনের চিরায়ত সংস্কৃতির সঙ্গে ইলিশ মাছের কোনো ঐতিহাসিক সম্পর্ক নেই।’

পুষ্টিগুণে ভরপুর
প্রচলিত ভাতের তুলনায় পান্তা অনেক বেশি পুষ্টিকর—এটা অনেকের অজানা। গবেষণায় দেখা গেছে, ১০০ গ্রাম সাধারণ চালে যেখানে ৩.৫ মি.গ্রা. আয়রন থাকে, সেখানে পান্তা ভাতে থাকে প্রায় ৭৩.৯ মি.গ্রা. আয়রন। একইভাবে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ভিটামিন বি৬ ও বি১২-এর উপস্থিতিও অনেক বেশি।
পান্তা ভাতের স্বাস্থ্য উপকারিতা:
-হজমশক্তি বাড়ায় এবং অন্ত্রবান্ধব প্রোবায়োটিক উপাদান সরবরাহ করে
-ক্লান্তি দূর করে, শরীর রাখে সতেজ
-ত্বক উজ্জ্বল করে, চুলে আনে প্রাণ
-অনিদ্রা বা ঘুমের সমস্যায় কার্যকর
-পানিশূন্যতা রোধে সহায়ক

তবে কিছু সতর্কতাও জরুরি
পান্তা দীর্ঘ সময় পানিতে ভেজানো হয় বলে এতে ফার্মেন্টেশন হয়। বিশুদ্ধ পানি ব্যবহার না করলে বা খোলা জায়গায় রাখলে তা স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে ডায়াবেটিস ও ওজনাধিক্য যাদের আছে, তাদের জন্য এই খাবার উপযুক্ত নয়।
বিশেষজ্ঞরা বলেন, ‘লাল চাল দিয়ে পান্তা তৈরি করলে এর পুষ্টিগুণ আরও বেড়ে যায়, কারণ এতে ফাইবার, মিনারেল ও ভিটামিনের পরিমাণ বেশি থাকে।’
শহরে ফ্যাশন, গ্রামে বাস্তবতা
গ্রামে যেখানে গরমকালের নিত্যদিনের খাবার পান্তা, সেখানে শহরে এটি হয়ে উঠেছে এক প্রকার উৎসব-ফ্যাশন। তবে পান্তার স্বাস্থ্যগুণ জানলে হয়তো শহুরে মানুষও এটিকে নিয়মিত খাদ্যাভ্যাসে স্থান দিতে দ্বিধা করবে না।
স্বদেশ প্রতিদিন/এফএপি