প্রকাশ: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৭:২৪ পিএম

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত সামিটে এখন পর্যন্ত ৩ হাজার ১০০ কোটি টাকার বিনিয়োগের ঘোষণা এসেছে।
রবিবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
তিনি বলেন, বিনিয়োগ সম্মেলনে খরচ হয়েছে প্রায় ৫ কোটি টাকা। এর মধ্যে সরকারের খরচ হয়েছে ১ কোটি ৪৫ লাখ টাকা। সম্মেলন থেকে এখন পর্যন্ত বিনিয়োগের ঘোষণা এসেছে ৩ হাজার ১০০ কোটি টাকা।
এছাড়াও সম্মেলনে অংশ নেওয়া বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি।
আশিক চৌধুরী বলেন, বিনিয়োগের সব ক্রেডিট এই সামিটের নয় এবং খরচের হিসাব দিয়ে সামিটকে মূল্যায়ন করা যাবে না। এটা আগে থেকে চলতে থাকা আলোচনার ভিত্তিতে হয়েছে। এছাড়া ৬টি কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হয়েছে।
এবারের সম্মেলনে ৫০টি দেশ থেকে ৪১৫ জন বিদেশি ডেলিগেট অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, সংখ্যার দিক থেকে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ ৫৮ শতাংশ।’
সবশেষে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘দেশের মানুষের সহনশীলতা, বিনিয়োগ সম্ভাবনার অবস্থা স্বচক্ষে দেখে বিদেশিরা উচ্ছ্বসিত। সামিটের সফলতা নিয়ে বিডা চিন্তিত নয়, বিদেশিদের কাছে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরাই ছিল সম্মেলনের প্রধান উদ্দেশ্য।’
উল্লেখ্য, অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/আইজেপি