প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ৫:০৫ পিএম আপডেট: ১১.০৪.২০২৫ ৫:৩২ PM

পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পেতে রাজনৈতিক নেতাদের দ্বারে না ঘুরে নিজের মেধা ও প্রস্তুতির ওপর ভরসা রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শুক্রবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান।
সারজিস আলম লিখেছেন, ‘পঞ্চগড়ে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া চলছে। এখন চলছে ফিটনেস পরীক্ষা। এরপর ৫০ নম্বরের লিখিত এবং ১৫ নম্বরের ভাইভা পরীক্ষা হবে। চাকরি পেতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লিখিত পরীক্ষায় ভালো করা।’
তিনি উল্লেখ করেন, ‘গতবার ৫০০ জনের বেশি প্রার্থী ফিটনেসে উত্তীর্ণ হয়ে লিখিত ও ভাইভা দিয়েছিল। তাদের মধ্যে মাত্র ২৮ জন চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছিল। ভাইভাতে সাধারণ জ্ঞানের ভিত্তিতে ৭-৮ নম্বর পাওয়া যায়। কিন্তু লিখিত পরীক্ষায় ভালো না করলে ভাইভার সুপারিশ কাজে আসে না।’
সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তায় সারজিস আলম বলেন, ‘ফিটনেস পাস করেই বিভিন্ন রাজনৈতিক নেতাদের পেছনে না ঘুরে লিখিত পরীক্ষার প্রস্তুতিতে মন দিন। পঞ্চগড় জেলা পুলিশ শতভাগ মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করবে বলে জানিয়েছে। এখানে কোনো সুপারিশের সুযোগ নেই।’
তিনি আরও বলেন, ‘কোটা না, মেধা-এই স্লোগান নিয়ে একটি অভ্যুত্থান হয়েছে, যেখানে দেড় হাজারের বেশি মানুষ জীবন দিয়েছে, অর্ধ লক্ষাধিক মানুষ রক্ত দিয়েছে। সেই রক্তের সাথে প্রতারণা করা হবে যদি কেউ সেই সুপারিশের আশায় ঘুরে বেড়ায়।
সারজিস আলম সবার উদ্দেশ্যে বলেন, ‘আমার কাছে কেউ নিয়োগের জন্য কোনো সুপারিশ নিয়ে আসবেন না। একইসঙ্গে অনুরোধ থাকবে-কোনো রাজনৈতিক দলের নেতার কাছেও না যেতে। বরং আমরা সবাই চাইবো, বাংলাদেশ পুলিশ যেন স্বচ্ছভাবে নিয়োগ কার্যক্রম পরিচালনা করে এবং সবাই মেধার ভিত্তিতে সুযোগ পায়।’
স্বদেশ প্রতিদিন/এমএম