প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২:৪৩ পিএম আপডেট: ১১.০৪.২০২৫ ৪:০৯ PM

বরগুনার আমতলীতে পরিক্ষার হলে না গিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসে উঠেছেন দাখিল পরীক্ষার্থী। ২৪ ঘণ্টার মধ্যে তাকে বিয়ে না করলে আত্মহত্যা করার হুমকি দিয়েছেন ওই শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে আমতলী উপজেলার পূর্বচন্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, এলাকার একটি মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষায় অংশ নেয় ওই শিক্ষার্থী। চাওড়া ইউনিয়নের পূর্বচন্দ্রা গ্রামের হেলাল মৃধার ছেলে আরিফ মৃধার সঙ্গে তার তিন বছড়ের প্রেমের সম্পর্ক। গত তিন বছর ধরে তারা চুটিয়ে প্রেম করেছেন এমন দাবি ওই পরীক্ষার্থীর। কিন্তু প্রেমিক বরিশাল বি এম কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে ছাত্র আরিফ মৃধা তাকে বিয়ে না করে কালক্ষেপণ করতে থাকেন। বৃহস্পতিবার সকালে প্রেমিক আরিফের বাড়িতে আসেন প্রেমিকা।
ওই দাখিল পরীক্ষার্থী বলেন, ‘আরিফ মৃধা আমার সঙ্গে তিন বছর ধরে প্রেম করছেন। বিয়ের প্রলোভন দেখিয়ে আমাকে একাধিকবার ধর্ষণ করেছে। আমিতো আমার সবকিছু হারিয়েছি। এখন তারা পালিয়ে গেছে।’
বৃহস্পতিবার সকাল ১০ টায় ছিল ওই শিক্ষার্থীর দাখিল পরীক্ষা ছিল। পরীক্ষায় অংশ না নিয়ে প্রেমিক আরিফ মৃধার বাড়িতে অনশনে বসেছেন ওই শিক্ষার্থী। পরে ২৪ ঘণ্টার মধ্যে তাকে আরিফ বিয়ে না করলে তিনি আত্মহত্যা করবেন বলে ঘোষণা দেন। এ ঘটনার পরপরই আরিফ মৃধা ও তার পরিবারের লোকজন এলাকা ছেড়ে পালিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য মো. রুহুল আমিন বলেন, ‘দুই পরিবারের সাথে আলোচনার মাধ্যমে সমাধান করতে বলেছি। সমাধান হয়েছে কি না আমি জানি না।’
এ বিষয়ে জানতে আরিফ মৃধার ও তার পরিবারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘এ বিষয়ে এখন কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম