
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক বৃদ্ধির ঘোষণার পর চীন কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে। বেইজিং এ ঘোষণাকে একতরফা নিপীড়ন হিসেবে আখ্যা দিয়ে পাল্টা শুল্ক আরোপসহ একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে। বাণিজ্যযুদ্ধের এই উত্তপ্ত পরিস্থিতিতে উভয় দেশই কঠোর অবস্থানে রয়েছে, যা বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি করছে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন বলছে, ট্রাম্প প্রশাসনের নতুন করে শুল্ক আরোপের ঘোষণার পর, চীন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর পাল্টা পদক্ষেপ নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে চীনা পণ্যের ওপর অতিরিক্ত ৩৪% শুল্ক ঘোষণা করেন, যা বিদ্যমান শুল্কসহ মোট ৫৪%-এ পৌঁছায়। জবাবে বেইজিংও শুক্রবার সমস্ত আমেরিকান পণ্যের ওপর সমপরিমাণ শুল্ক আরোপ করে এবং কিছু মার্কিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করে।
সোমবার ট্রাম্প ঘোষণা করেন, যদি চীন মঙ্গলবারের মধ্যে এই প্রতিশোধমূলক শুল্ক প্রত্যাহার না করে, তাহলে তিনি চীনা পণ্যের ওপর আরও ৫০% শুল্ক আরোপ করবেন। একই সঙ্গে চীনের অনুরোধে প্রস্তাবিত আলোচনা সভার পরিকল্পনাও বাতিল করা হয়েছে বলে জানানো হয়।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হুমকিকে "ভুলের ওপর আরেকটি ভুল" আখ্যা দিয়ে জানায়, "চীন কখনোই ব্ল্যাকমেইলিং মেনে নেবে না। যুক্তরাষ্ট্র যদি একতরফাভাবে এগোয়, চীন শেষ পর্যন্ত লড়াই করবে।"
বিশ্লেষকদের মতে, চীন এই বাণিজ্যযুদ্ধকে শুধু প্রতিরোধই করছে না, বরং এটিকে একটি কৌশলগত সুযোগ হিসেবে দেখছে। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মুখপত্র ‘পিপলস ডেইলি’ মন্তব্য করেছে, "যুক্তরাষ্ট্র যতই চাপ দিক না কেন, চীন তার উন্নতি ও অগ্রগতি বজায় রেখেছে এবং ভবিষ্যতেও বজায় রাখবে।"
বিশ্বজুড়ে যখন ট্রাম্পের শুল্ক নীতিতে অস্থিরতা বাড়ছে, চীন নিজেকে একটি স্থিতিশীল এবং মুক্ত অর্থনীতির রক্ষক হিসেবে তুলে ধরছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, "আন্তর্জাতিক প্রেক্ষাপট যাই হোক না কেন, চীন তার দরজা আরও উন্মুক্ত করবে।"
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লিং জি সম্প্রতি টেসলা ও জিই হেলথকেয়ারের মতো ২০টি মার্কিন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। তিনি চীনকে একটি "নিরাপদ ও প্রতিশ্রুতিশীল" বিনিয়োগ গন্তব্য হিসেবে তুলে ধরেন এবং মার্কিন ব্যবসায়ীদের "বাস্তব পদক্ষেপ" নেওয়ার আহ্বান জানান।
তবে এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে অনেক দেশই উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির কারণে ইউরোপ, জাপান ও দক্ষিণ কোরিয়া ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতিগুলোও বৈশ্বিক সরবরাহ চেইনে চাপ অনুভব করছে।
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং বলেন, "নিয়ম-ভিত্তিক বিশ্বায়ন ও মুক্ত বাণিজ্যের যুগ শেষ। আমরা এখন এমন এক পর্বে প্রবেশ করছি, যেখানে পরিস্থিতি আরও অনিশ্চিত ও বিপজ্জনক।"
বিশ্লেষকদের মতে, দুই অর্থনৈতিক পরাশক্তির এই সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক বাণিজ্যব্যবস্থায় স্থায়ী পরিবর্তন আসতে পারে। যুক্তরাষ্ট্র-ভিত্তিক ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসিসের সিনিয়র ফেলো ক্রেইগ সিঙ্গেলটন সতর্ক করেছেন, "উচ্চ পর্যায়ের কূটনৈতিক আলোচনার অভাব দুই পক্ষকে সংঘর্ষের এক সর্পিল গহ্বরে ঠেলে দিতে পারে।"
বর্তমানে, চীন অভ্যন্তরীণ যোগান বাড়াতে নানা পদক্ষেপ নিচ্ছে এবং অর্থনীতিকে চাঙা করার চেষ্টা করছে। তবে ট্রাম্প প্রশাসনের চাপের মুখে এই প্রচেষ্টা কতটা সফল হবে তা সময়ই বলে দেবে।
স্বদেশ প্রতিদিন/আইজেপি