প্রকাশ: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ৭:৪৩ পিএম

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ছমির শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
রোববার (৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার নওদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছমির শেখ ওই এলাকার খবির শেখের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশে নদীর ধারে কচুরিপানা নিয়ে খেলছিল পাঁচ বছরের দুই শিশু। এ সময় অভিযুক্ত ছমির শেখ একটি শিশুকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। শিশুটির কান্নাকাটি ও চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ছমির শেখকে আটক করে গণপিটুনি দেন।
পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ওসি মমিনুল ইসলাম বলেন, ছমির শেখের বিরুদ্ধে এর আগেও ধর্ষণের মামলা ছিল এবং তিনি জেলও খেটেছেন। শিশুটির বাবার পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং শিশুটির পরিবারের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।
স্বদেশ প্রতিদিন/এনআর