প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৪:০৩ পিএম

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশে সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার সঙ্গে রয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
শুক্রবার দুপুর ১২টা ৪৮ মিনিটে তাঁদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইট কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান।
প্রধান উপদেষ্টার প্রেস বিভাগ থেকে জানান হয়েছে, জাতিসংঘের মহাসচিব কক্সবাজার বিমানবন্দরে নেমে বেশ কিছু অনুষ্ঠানিকতা সেরে উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। বেলা ২টা ১০ মিনিটের দিকে রোাহিঙ্গা ক্যাম্পে পৌঁছেন মহাসচিব।
জাতিসংঘ মহাসচিবের কর্মসূচির মধ্যে রয়েছে- রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন। এসব অনুষ্ঠান শেষে জাতিসংঘ মহাসচিব উখিয়ায় প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেবেন।
স্বদেশ প্রতিদিন/এনআর